ঢাকার সাভারে সম্প্রতি ‘অ্যাকসেস টু এমপাওয়ারমেন্ট: অ্যাডভান্সিং ব্যাংকিং ফর পারসনস উইথ ডিজঅ্যাবিলিটিজ’ শীর্ষক এ আয়োজনে সহযোগিতায় ছিল স্থানীয় সংগঠন টিম ইনক্লুশন বাংলাদেশ। প্রাইম ব্যাংক গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অনুষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধী গ্রাহকদের মাঝে চেক বই ও ডেবিট কার্ড বিতরণ করা হয়, যা তাদের স্বাধীনভাবে আর্থিক লেনদেন করতে সক্ষম করে তুলবে। এছাড়া বিভিন্ন শারীরিক চ্যালেঞ্জের সম্মুখীন ব্যক্তিদের জন্য তাৎক্ষণিকভাবে ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুবিধা দেয়া হয়, যা তাদের মূলধারার অর্থনীতিতে সম্পৃক্ত করতে সহায়ক হবে।
অনুষ্ঠানে মূল উপস্থাপনায় প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এমএম মাহবুব হাসান বলেন, ‘সবার জন্য ব্যাংকিং সেবা সহজলভ্য করতে আমাদের সেবাগুলোকে নতুনভাবে সাজাচ্ছি। প্রাইম ব্যাংক কনজিউমার ও এসএমই ব্যাংকিংয়ের ওপর ব্রেইল পদ্ধতিতে আর্থিক সাক্ষরতা বই প্রকাশ করেছে, যা দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করা হচ্ছে। আমাদের নতুন এবং রিনোভেশনকৃত শাখাগুলোয় হুইল চেয়ার ফ্রেন্ডলি ক্যাশ সার্ভিস কাউন্টার স্থাপনের উদ্যোগ এরই মধ্যে সমাদৃত হয়েছে। এছাড়া শ্রবণ ও বাক প্রতিবন্ধী গ্রাহকদের জন্য প্রাইম ব্যাংকের চালু করা ‘সাইন ল্যাঙ্গুয়েজ ভিডিও কল সার্ভিস’ গত বছর ন্যাশনাল ফিনটেক অ্যাওয়ার্ড পেয়েছে।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকে এসভিপি ও হেড অব কনজিউমার প্রটেকশন অ্যান্ড সার্ভিস কোয়ালিটি কাজী রেশাদ মাহবুব এবং হেমায়েতপুর শাখার প্রধান মো. সাখাওয়াত হোসেন।
টিম ইনক্লুশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. জহিরুল ইসলাম এ উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘আর্থিক সাক্ষরতা, প্রযুক্তি এবং সহজলভ্য অবকাঠামোর সমন্বয়ে প্রাইম ব্যাংকের এ অন্তর্ভুক্তিমূলক পদ্ধতি ব্যাংক খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মানদণ্ড স্থাপন করেছে।’ এ সময় তিনি আগামীতেও প্রাইম ব্যাংকের সঙ্গে একযোগে কাজ করার প্রত্যয় তুলে ধরেন।










