প্রাইম ইউনিভার্সিটির সিএসই বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী সিএসই ফেস্ট-২০২৪ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) এ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রাইম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিওটির ভাইস চেয়ারম্যান আনোয়ার কামাল পাশা, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী, ট্রেজারার ফিরোজ মাহমুদ হোসেন, সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর শাহাবুদ্দিন, প্রাইম ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. হুমায়ুন কবির, ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. হাফিজ মো. হাসান বাবু।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, দুর্যোগপূর্ব ও পরবর্তী অবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তাসহ অন্যান্য তথ্য প্রযুক্তি ব্যবহার করে দুর্যোগ মোকাবেলার জন্য কাজ করে যাচ্ছে সরকার। আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের ফলে দ্রুত দুর্যোগ সম্পর্কে জনসাধারণকে সচেতন করা ও ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হবে।

প্রতিমন্ত্রী বলেন, তথ্য প্রযুক্তি মানুষের জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রের সঙ্গে জড়িত। কোনো বিষয়কে দ্রুত সর্বসাধারণের কাছে নিয়ে যেতে সামাজিক যোগাযোগ মাধ্যম অত্যন্ত কার্যকরী। সরকার দুর্যোগ পূর্বাভাস ও ব্যবস্থাপনায় সবাইকে সম্পৃক্ত করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের জন্য কাজ করে যাচ্ছে। এছাড়াও দুর্যোগ সংক্রান্ত তথ্য বিশ্লেষণ ও গবেষণায় পুর্বাভাস প্রদানসহ অন্যান্য বিষয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স ও অন্যান্য প্রযুক্তির প্রয়োগ ঘটাতে সরকার কাজ করছে।

প্রতিমন্ত্রী সিএসই ফেস্ট-২০২৪ শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তির প্রায়োগিক ব্যবহারে অভিজ্ঞ করে তুলবে বলে আশাবাদ জ্ঞাপন করেন এবং এ ফেস্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হয়ে ওঠার জন্য আহ্বান জানান।

মহিববুর রহমান বলেন, জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত করেছেন। তার পরবর্তী কর্মসূচি স্মার্ট বাংলাদেশ গঠনে ছাত্রছাত্রীদের লেখাপড়া ও গবেষণার মাধ্যমে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাইম ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক ড. আব্দুর রহমান, বিভিন্ন অনুষদের ডীন, রেজিস্ট্রার ক্যাপ্টেন এমএ জব্বার, বিএন (অব.), পরীক্ষা নিয়ন্ত্রক মো. হুমায়ুন কবির লস্কর, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রছাত্রীরা। প্রাইম ইউনিভার্সিটির সিএসই বিভাগের দুই দিনব্যাপী সিএসই ফেস্ট-২০২৪ এর গণমাধ্যম সহযোগী ছিল বণিক বার্তা।