ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের কর-পরবর্তী নিট মুনাফা চলতি ২০২৩ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কিছুটা বেড়েছে। আলোচ্য সময়ে ব্যাংকটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪১৩ কোটি ৭৩ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা হয়েছিল ৩৯৯ কোটি ৭৯ লাখ টাকা। ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের তিন প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৫৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫ টাকা ৩৫ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ৫৯ টাকা ৩৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ৫৩ টাকা ২৭ পয়সা। এছাড়া চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ব্যাংকটির ইপিএস হয়েছে ২ টাকা ৩২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৪০ পয়সা।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য মোট ২৫ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে ব্যাংকটির পর্ষদ। এর মধ্যে সাড়ে ১৭ শতাংশ নগদ ও সাড়ে ৭ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২২ হিসাব বছরে ডাচ-বাংলা ব্যাংকের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৫৬৬ কোটি ১৭ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৫৫৬ কোটি ১১ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ৮ টাকা ১৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭ টাকা ৯৯ পয়সা (পুনর্মূল্যায়িত)। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৯ টাকা ৮৫ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ৫৩ টাকা ১৩ পয়সায়।










