ইউরোপের দেশ জার্মানির কলকারখানাগুলোয় ক্রয়াদেশের পরিমাণ বাড়তে শুরু করেছে। সবশেষ ডিসেম্বরে ক্রয়াদেশ বেড়েছে আগের মাসের তুলনায় ৩ দশমিক ২ শতাংশ, যা বাজার সম্পর্কে আগের পূর্বাভাসের চেয়ে বেশি। নভেম্বরে ক্রয়াদেশে ৪ দশমিক ৪ শতাংশ পতন হওয়ায় ডিসেম্বরের জন্য ২ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস ধরা হয়েছিল।

নতুন এ প্রবৃদ্ধির কারণ মূলত বড় আকারের কিছু ক্রয়াদেশ। বিশেষ করে বিদ্যুৎ বিতরণ ও নিয়ন্ত্রণ যন্ত্র, উড়োজাহাজ ছাড়া অন্যান্য যানবাহন ও সাইকেলের ইঞ্জিন, টারবাইন এবং উড়োজাহাজ ও মহাকাশযান সম্পর্কিত বাহনের যন্ত্রপাতি উৎপাদক প্রতিষ্ঠানগুলো বেশ বড় আকারের কিছু ক্রয়াদেশ পেয়েছে। 

এছাড়া অভ্যন্তরীণ বাজারে চাহিদা বাড়ায় ক্রয়াদেশ বেড়েছে, যা নভেম্বরের তুলনায় ডিসেম্বরে বেড়েছে ৫ দশমিক ৭ শতাংশ। একই সময়ে মোট বৈদেশিক ক্রয়াদেশের হার বেড়েছে ১ দশমিক ২ শতাংশ। 

সরকারি এক পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি ক্রয়াদেশ এসেছে ইউরোজোন থেকে। এছাড়া বিশ্বের অন্যান্য অঞ্চল থেকে ক্রয়াদেশ বরং কমেছে ৩ দশমিক ৮ শতাংশ। তবে মূলধনী পণ্যের ক্রয়াদেশের পরিমাণ অপরিবর্তিত। এ সময় মধ্যবর্তী পণ্যের ক্রয়াদেশ বেড়েছে ৯ দশমিক ৭ শতাংশ। এর পুরোটাই বিদ্যুৎ বিতরণ ও নিয়ন্ত্রণ যন্ত্রপাতির ওপর নির্ভর করে। একই সময়ে ভোগ্যপণ্য খাতে নতুন ক্রয়াদেশের পরিমাণ কমেছে ৩ দশমিক ৩ শতাংশ।