কুড়িগ্রাম বিসিক শিল্পনগরীতে প্লট বরাদ্দ নিয়ে প্রতিষ্ঠান গড়ে উঠলেও বছরের পর বছর সেগুলো বন্ধ পড়ে আছে। শিল্পনগরীর ৪২টি শিল্প ইউনিটের মধ্যে বর্তমানে ৩৮টিই বন্ধ। বাকি চারটি ইউনিট চালু থাকলেও সেগুলোর অবস্থা নড়বড়ে। এতে সম্ভাবনাময় এ শিল্পনগরী কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছে। এ অবস্থায় শিল্পনগরীকে সচল করে কর্মসংস্থান সৃষ্টির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
উত্তরের জেলা কুড়িগ্রামে ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৪৬ বছর আগে বিসিক শিল্পনগরী প্রতিষ্ঠা করা হয়। শিল্পনগরীতে ৪৪টি ইউনিটের বিপরীতে ১৩৩টি প্লট বরাদ্দ দেয়া হয়, যার বেশির ভাগই হাসকিং মিল। শুরুর কয়েক বছর এসব শিল্পপ্রতিষ্ঠান চালু থাকলেও ধীরে ধীরে উদ্যোক্তারা তা বন্ধ করে দেন।
বর্তমানে শিল্পনগরীর ৪২টি ইউনিটের মধ্যে ৩৮টিই বন্ধ রয়েছে। অথচ ১৫ থেকে ২০ হাজার মানুষের কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে এ শিল্পনগরী গড়ে তোলা হয়েছিল। সরজমিনে দেখা যায়, কোথাও বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে প্রতিষ্ঠানগুলো, আবার কোথাও দরজায় ঝুলছে তালা। সুনসান নীরব রাস্তায় নেই মানুষের আনাগোনা। দেখে বোঝার উপায় নেই যে এটি একটি শিল্পনগরী।
এমন পরিস্থিতিতে বন্ধ প্লটগুলো নতুন উদ্যোক্তাদের বরাদ্দ দিয়ে শিল্পনগরীকে পুনরায় কর্মচঞ্চল করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা জামিল মিয়া বলেন, ‘বিসিক শিল্পনগরী হওয়ার সময় আমরা এলাকাবাসী আশা করেছিলাম যে এখানে কলকারখানা গড়ে উঠবে এবং আমাদের কর্মসংস্থান হবে। কিন্তু কিছুই হচ্ছে না। শুরুর দিকে চালু করা শিল্পপ্রতিষ্ঠানগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। বর্তমানে একটি প্লাস্টিক কারখানা, একটি অটো রাইস মিল, একটি সিলভার কারখানা ও একটি হাসকিং মিল ছাড়া বাকি সব বন্ধ হয়ে গেছে।’
বিসিক শিল্প এলাকার বাসিন্দা আসাদুজ্জামান বলেন, ‘দেশের অন্যান্য জেলার বিসিক শিল্পনগরীতে প্লট পাওয়া না গেলেও এখানে প্রায় সব প্লট বন্ধ। ২৬-২৭টি হাসকিং মিলের মধ্যে মাত্র একটি চালু আছে। জুট প্রসেসিং মিলে কয়েক বছর ধরে তালা ঝুলছে। অন্য প্রতিষ্ঠানগুলোও বন্ধ। আমরা চাই বন্ধ রাখা প্লটের মালিকদের বরাদ্দ বাতিল করে নতুন উদ্যোক্তার মাধ্যমে বিসিক শিল্পনগরীর কার্যক্রম চালু করা হোক।’
এ বিষয়ে বিসিক শিল্পনগরীর উপব্যবস্থাপক শাহ মোহাম্মদ জোনায়েদ বলেন, ‘নিষ্ক্রিয় ও রুগ্ণ প্লটের মালিকানা বাতিল করে নতুন উদ্যোক্তা খোঁজার প্রক্রিয়া শুরু করা হয়েছে। এরই মধ্যে ছয়টি প্লটের মালিকানা বাতিল করা হয়েছে। যেগুলোতে শিল্প উদ্যোক্তার মাধ্যমে প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।’
১৯৮০ সালে সদরের বেলগাছায় কুড়িগ্রাম-চিলমারী সড়কের পাশে ২০ একর জমিতে প্রতিষ্ঠা করা হয় কুড়িগ্রাম বিসিক শিল্পনগরী।










