ভারতের পাম অয়েল আমদানি নিম্নমুখী হয়েছে। সেপ্টেম্বরে ভোজ্যতেলটি আমদানির পরিমাণ আগস্টের তুলনায় ২৬ শতাংশ কমেছে। গত মাসে ৮ লাখ ৩৪ হাজার ৭৯৭ টন পাম অয়েল আমদানি করেছে ভারত। চলতি সপ্তাহে মুম্বাইভিত্তিক সলভেন্ট এক্সট্র্যাক্টরস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (এসইএ) এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।
জুলাই-আগস্টে ব্যাপক হারে ভোজ্যতেল আমদানি বাড়ায় মজুদ বেড়েছে ভারতে। এ কারণে আন্তর্জাতিক বাজার থেকে আমদানি কমিয়েছে দেশটি।
এসইএ এক বিবৃতিতে জানিয়েছে, সেপ্টেম্বরে সয়াবিন আমদানির পরিমাণ দশমিক ১ শতাংশ বেড়েছে। আমদানির পরিমাণ ছিল ৩ লাখ ৫৮ হাজার ৫৫৭ টন। সূর্যমুখী তেল আমদানি কমেছে ১৭ দশমিক ৮ শতাংশ। গত মাসে মোট ৩ লাখ ৭৩২ টন সূর্যমুখী তেল আমদানি করেছে দেশটি। সামগ্রিকভাবে সেপ্টেম্বরে উদ্ভিজ্জ তেল আমদানি প্রায় ১৭ শতাংশ কমেছে। আমদানি নেমেছে ১৫ লাখ ৫০ হাজার টনে।










