বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সহসভাপতি হিসেবে মনোনীত হয়েছেন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ল্যাবএইড গ্রুপের পরিচালক ব্যারিস্টার ওয়াসিফ ফারহান শায়ের। জাতীয় ক্রীড়া পরিষদের নতুন নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) মো. দৌলতুজ্জামান খানের স্বাক্ষরিত ২২ জানুয়ারির এক সরকারি পরিপত্রে ফেডারেশনের অ্যাডহক কমিটি এক বছরের মাথায় পুনর্গঠন করা হয়। এতে সহসভাপতি পদে খন্দকার হাসান মুনীর সুমনের স্থলে ব্যারিস্টার ওয়াসিফ ফারহান শায়েরকে অন্তর্ভুক্ত করা হয়।
তরুণ উদ্যোক্তা ব্যারিস্টার ওয়াসিফ ফারহান নিয়মিত টেবিল টেনিস খেলোয়াড়। গত ১৬ জানুয়ারি শেষ হওয়া ৪০তম জাতীয় টেবিল টেনিস টুর্নামেন্টে তিনি রাউন্ড অব ৬৪ পর্যন্ত অংশ নেন। এছাড়া ২০২২ সালে ‘ফিউচার্স স্পোর্টিং ক্লাব’ নামে একটি আধুনিক টেবিল টেনিস ক্লাব প্রতিষ্ঠা করেন।
বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের বর্তমান অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন মাইক্রো ফাইবার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এমএইচ জামান। সহসভাপতি হিসেবে আছেন সাবেক জাতীয় চ্যাম্পিয়ন বেগম তাহমিনা তারমিন বিনু। সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এএম মাকসুদ আহমেদ (সনেট), যুগ্ম সম্পাদক জাতীয় পদকপ্রাপ্ত সাবেক খেলোয়াড় নাসিমুল হাসান কচি এবং কোষাধ্যক্ষ সাবেক জাতীয় চ্যাম্পিয়ন মো. ইব্রাহিম হোসেন।
এছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন ডা. আতাইয়া রাব্বি মাহমুদ ইমন, বেগম পিয়া আফ্রিনা খালেদা হক, চট্টগ্রামের সংগঠক আবু সুফিয়ান নোমান, আইটিটিএফ লেভেল-টু কোচ মো. মাইনুল ইসলাম চিশতী, মহসিনুল আলম ঝিনু, আহমেদ উল্লাহ, কাজী মুহাম্মদ আসিফ, সুজন মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয় টেবিল টেনিস দলের অধিনায়ক মো. নাজমুল হোসাইন এবং বিকেএসপি ও সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের প্রতিনিধি।










