ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডকে ‘ইসলামিক ফাইন্যান্স উইন্ডোর’ মাধ্যমে শরিয়াহভিত্তিক ব্যবসা চালুর চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
তথ্য অনুসারে, প্রতিষ্ঠানটি দেশব্যাপী তাদের সব শাখার মাধ্যমে শরিয়াহভিত্তিক ব্যবসা পরিচালনা করবে। এর আগে গত বছরের ১১ এপ্রিল ইসলামিক শরিয়াহভিত্তিক আর্থিক ব্যবসা কার্যক্রম পরিচালনায় অনাপত্তি জানিয়েছিল বাংলাদেশ ব্যাংক।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ১৫ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৪ টাকা ৪৭ পয়সায়।
সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য ঘোষিত ১৫ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের দিয়েছে আইডিএলসির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে আইডিএলসি ফাইন্যান্সের সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৯১ কোটি ৪৫ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ২১১ কোটি ৬০ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা কমেছে ২০ কোটি ১৫ লাখ টাকা।
আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৪ টাকা ৬১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৩ টাকা ৫৬ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ৪০ টাকা ৩৯ পয়সা। এদিকে এককভাবে ২০২২ হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৬১ কোটি ৯৬ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১৫৭ টাকা ৬২ পয়সা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির এককভাবে ইপিএস হয়েছে ৩ টাকা ৯০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৭৯ পয়সা।
সর্বশেষ রেটিং অনুসারে এনবিএফআইটির ঋণমাণ দীর্ঘমেয়াদে ‘ট্রিপল এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-ওয়ান’। সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং অন্যান্য প্রাসঙ্গিক গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে এমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে আইডিএলসি ফাইন্যান্স। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে আইডিএলসি ফাইন্যান্সের সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২১১ কোটি ৬০ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ২৫৪ কোটি ৫ লাখ টাকা।
২০২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করে আইডিএলসি ফাইন্যান্সের পর্ষদ। তবে ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের জারীকৃত লভ্যাংশ নীতিসংক্রান্ত সার্কুলারের কারণে কোম্পানিটির ৩৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা এর পরিবর্তে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেন। সে অনুসারে আলোচ্য হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ২০ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।
২০১৯ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল আইডিএলসি। ২০১৮ হিসাব বছরেও একই হারে নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। আগের দুই হিসাব বছরে ৩০ শতাংশ হারে নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।










