অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক গভীর করার লক্ষ্যে সৌদি আরব ও ইতালি ২১টি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। ইতালির মিলানে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে বিভিন্ন ক্ষেত্র নিয়ে এ সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। খবর আরব নিউজ।

সৌদি-ইতালীয় বিনিয়োগ ফোরামে সৌদি বিনিয়োগমন্ত্রী খালিদ আল-ফালিহ এবং ইতালির ব্যবসাপ্রতিষ্ঠান ও অভ্যন্তরীণ উৎপাদন বিষয়ক মন্ত্রী অ্যাডলফো উরসো উপস্থিত ছিলেন। এছাড়া উভয় দেশের বেশ কয়েকজন কর্মকর্তা এবং সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। স্বাক্ষরিত ২১টি সমঝোতা স্মারক চুক্তিতে নবায়নযোগ্য জ্বালানি, স্বাস্থ্যসেবা ও রিয়েল এস্টেটের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা, প্রযুক্তি ও শিল্পোৎপাদন খাতগুলো অন্তর্ভুক্ত রয়েছে।

গ্যালিয়া হোটেলে এ অনুষ্ঠানে বক্তৃতাকালে খালিদ আল-ফালিহ বলেন, ‘উভয় দেশই একটি ভালো ভবিষ্যৎ গড়ে তোলার জন্য একে অন্যের শক্তির পরিপূরক এবং উদ্দেশ্য সাধনে কাজে লাগবে। বক্তৃতার সময় আল-ফালিহ ইতালীয় সংস্থাগুলোকে তাদের দেশে এসে কাজ করার জন্য আমন্ত্রণ জানান। এরই মধ্যে ইউরোপীয় দেশগুলো থেকে ১৫০টি লাইসেন্সপ্রাপ্ত কোম্পানি সৌদি আরবে কাজ করছে।

জ্বালানি খাত সম্পর্কে কথা বলতে গিয়ে মন্ত্রী জানান, সৌদি আরব ও ইতালি গ্রিন প্রযুক্তির অংশীদার হতে পারে, কারণ এ অঞ্চলে টেকসই যাত্রার নেতৃত্ব দেয় সৌদি।