চলতি বছরের প্রথম প্রান্তিকে আবুধাবির আবাসন খাতের লেনদেনে বড় আকারের উল্লম্ফন দেখা গেছে। প্রপার্টি ফাইন্ডারের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, জানুয়ারি-মার্চ প্রান্তিকে আবুধাবির আবাসন খাতে লেনদেন হয়েছে ১ হাজার ১৬০ কোটি দিরহাম বা ৩১৬ কোটি ডলার, যা ২০২২ সালের একই প্রান্তিকের ৯৮ কোটি ৯০ লাখ ডলারের চেয়ে ২২০ শতাংশ বেশি। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) এ প্রদেশের আবাসন খাতে লেনদেন বৃদ্ধির পেছনে বেশ কয়েকটি কারণ উল্লেখ করেছে প্রপার্টি ফাইন্ডার। প্রথমত, বিদেশী বিনিয়োগকারীদের কাছে আকষর্ণীয় বিনিয়োগ গন্তব্য ইউএই। দ্বিতীয়ত, পুরো বিশ্বে যখন অস্থিরতা চলছে সেখানে স্থিতিশীল অর্থনৈতিক পরিবেশ উপসাগরীয় দেশটির। তৃতীয়ত, পর্যটন খাত ঘুরে দাঁড়ানোর ফলে চাঙা ইউএইর আতিথেয়তা ও আবাসন খাত। চতুর্থত, কভিড-১৯ পুনরুদ্ধারে সবচেয়ে এগিয়ে থাকা দেশগুলোর অন্যতম ইউএই। এতে আবুধাবির আবাসন খাতে বিনিয়োগ ও কেনাকাটা বেড়েছে। প্রপার্টি ফাইন্ডার বলছে, আবুধাবির যেসব এলাকার অ্যাপার্টমেন্টের চাহিদা তুঙ্গে তার মধ্যে রয়েছে আল রিম আইল্যান্ড, ইয়াস আইল্যান্ড, আল রাহা বিচ, সাদিয়াত আইল্যান্ড ও মাসদার সিটি। অ্যারাবিয়ান বিজনেস
প্রথম প্রান্তিকে আবুধাবির আবাসন খাতে লেনদেন বেড়েছে ২২০%
চলতি বছরের প্রথম প্রান্তিকে আবুধাবির আবাসন খাতের লেনদেনে বড় আকারের উল্লম্ফন দেখা গেছে।










