নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘সাংবিধানিক সংশোধনী’ নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ অক্টোবর) রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটির মুট কোর্ট রুমে বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর লিগ্যাল রিসার্চের (এনএসইউসিএলআর) উদ্যোগে এ ‘ল’ টকস আয়োজন করা হয়। অনুষ্ঠানের শিরোনাম ছিল 'বিপ্লবী সংবিধানবাদ: সাংবিধানিক সংশোধনী’।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আব্দুর রব খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ড. শরীফ ভূঁইয়া।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে আইন বিভাগের অধ্যাপক ও ডিন, স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ড. রিজওয়ানুল ইসলাম বলেন, বাংলাদেশের সংবিধান ও তার সংশোধনীগুলো বোঝার জন্য একাডেমিক আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদের মধ্যে আইন ও সংবিধান বিষয়ে আগ্রহ এবং গবেষণামূলক মনোভাব গড়ে তোলার ওপর জোর দেন।

মূল প্রবন্ধে ড. শরীফ ভূঁইয়া জুলাই বিপ্লব-পরবর্তী সংবিধানের অবস্থান, চতুর্থ ও পঞ্চদশ সংশোধনীসহ বিভিন্ন সাংবিধানিক পরিবর্তনের প্রভাব বিশ্লেষণ করেন। তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক বৈধতা নিয়েও মত দেন। আলোচনার পর শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে সংবিধানের বাস্তব প্রয়োগ ও আইনচর্চা নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়।

অধ্যাপক আব্দুর রব খান বলেন, এ ধরনের একাডেমিক আলোচনায় অংশগ্রহণ শিক্ষার্থীদের আইন অনুশীলন ও যুক্তিতর্কের ক্ষমতা বাড়ায়।

সমাপনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, সংবিধান একটি জাতির ভিত্তি। এর ধারাবাহিক গবেষণা ও বিশ্লেষণ জাতি হিসেবে আমাদের শক্তিশালী করে। তিনি আইন বিভাগকে এমন সময়োপযোগী আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

PR Photo (1)

অনুষ্ঠানের শেষাংশে আইন বিভাগের প্রধান অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদ অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে আরো গবেষণামূলক আলোচনা আয়োজনের প্রত্যাশা প্রকাশ করেন।

—বিজ্ঞপ্তি