দক্ষিণ কোরিয়ার যাত্রীবাহী গাড়ি রফতানি ঊর্ধ্বমুখী রয়েছে। অক্টোবরে দেশটির অটোমোবাইল রফতানি এক বছর আগের তুলনায় ২৮ দশমিক ৫ শতাংশ বেড়েছে। বিশেষ করে পরিবেশবান্ধব গাড়ির উচ্চ চাহিদার কারণে রফতানিতে এমন উল্লম্ফন হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দক্ষিণ কোরিয়ার বাণিজ্য, শিল্প ও জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, অক্টোবরে অর্থের হিসাবে অটোমোবাইল শিল্পের রফতানি ৪৯২ কোটি ডলারে উন্নীত হয়েছে। রফতানি আয়ের এ পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ২৮ দশমিক ৫ শতাংশ এবং যেকোনো অক্টোবরের চেয়ে বেশি। গত মাসে সব মিলিয়ে ২ লাখ ৮ হাজার ৫৪৪ ইউনিট গাড়ি বিক্রি করেছে দেশটি। এ সংখ্যাও গত বছরের একই সময়ের ৩০ দশমিক ২ শতাংশ বেশি।
অঞ্চলভেদে উত্তর আমেরিকায় দক্ষিণ কোরীয় গাড়ির রফতানি ৬০ দশমিক ২ শতাংশ বেড়ে ২৩৮ কোটি ডলারে পৌঁছেছে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নে রফতানি ১২ দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৪ কোটি ৩০ লাখ ডলারে। এছাড়া এশিয়ার দেশগুলোয় দেশটির গাড়ি রফতানি ৯১ শতাংশ বেড়ে ৪৪ কোটি ৬০ লাখ ডলার এবং মধ্যপ্রাচ্য ও লাতিন আমেরিকায় যথাক্রমে ৪ দশমিক ১ এবং ১৩ শতাংশ বেড়েছে।
এদিকে বিশ্বজুড়ে দেশটির পরিবেশবান্ধব গাড়ির চাহিদা বাড়ছে। গত মাসে ১৪৫ কোটি ডলারের পরিবেশবান্ধব গাড়ি রফতানি করেছে দক্ষিণ কোরিয়া। এ আয়ের পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ২৭ দশমিক ১ শতাংশ বেশি। এ নিয়ে টানা ২২তম মাসের মতো এ আয় ঊর্ধ্বমুখী রয়েছে। এটি দেশটির পরিবেশবান্ধব গাড়ি রফতানির ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম। এর আগে গত জুলাইয়ে দেশটি রেকর্ড ১৪৭ কোটি ডলারের পরিবেশবান্ধব গাড়ি রফতানি করেছিল। সংখ্যার হিসাবে মোট ৫২ হাজার ২৭৯ ইউনিট পরিবেশবান্ধব গাড়ি বিক্রি করেছে দেশটি। এ সংখ্যা এক বছর আগের তুলনায় ৩৬ দশমিক ১ শতাংশ বেশি।
অন্যদিকে গত মাসে অভ্যন্তরীণ উৎপাদন ২৪ দশমিক ২ শতাংশ বেড়ে ৩ লাখ ২৭ হাজার ৪৮৬ ইউনিটে উন্নীত হয়েছে। প্রধান সংস্থাগুলোর মধ্যে হুন্দাই মোটর ও তার সাবসিডিয়ারি কিয়া করপোরেশনের উৎপাদন যথাক্রমে ১১ দশমিক ৭ ও ১৯ দশমিক ৬ শতাংশ বেড়েছে। এ সময়ে দেশটিতে গাড়ি বিক্রি ১৫ দশমিক ২ শতাংশ বেড়ে ১ লাখ ৪৪ হাজার ৩৬৩ ইউনিটে উন্নীত হয়েছে। এর মধ্যে পরিবেশবান্ধব গাড়ির বিক্রি ১৬ শতাংশ বেড়ে ৩৯ হাজার ৬১২ ইউনিটে পৌঁছেছে। সব মিলিয়ে চলতি বছরের প্রথম ১০ মাসে দেশটির গাড়ি বিক্রি এরই মধ্যে ২০২১ সালের সংখ্যাকে ছাড়িয়ে গিয়েছে।










