তবে শেয়ারদর ও লেনদেন বাড়ার পেছনে কোনো ধরনের মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিঠি জবাবে কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।
ডিএসইতে গত ৮ মার্চ সাফকো স্পিনিংয়ের শেয়ারদর ছিল ১২ টাকা ৭০ পয়সা। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর ১৮ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে। এ সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে প্রায় ৪৬ শতাংশ।
শেয়ারদর ও লেনদেন বাড়ার পেছনে কোনো ধরনের মূল্যসংবেদনশীল তথ্য না থাকলেও কোম্পানিটি ডিএসইকে জানিয়েছে, নতুন বিনিয়োগকারীদের কাছে বিদ্যমান পরিচালক ও উদ্যোক্তাদের ৩০ শতাংশ শেয়ার হস্তান্তরের উদ্যোগ নেয়া হয়েছে। এ বিষয়ে এরই মধ্যে দুই স্টক এক্সচেঞ্জ ও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে অনুমোদন চাওয়া হয়েছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) সাফকো স্পিনিংয়ের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫ টাকা ৩০ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৫ টাকা ৩২ পয়সায়।









