কভিড-১৯ মহামারী, মূল্যস্ফীতিসহ বিভিন্ন কারণে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায় শ্লথগতি দেখা দিয়েছিল। এছাড়া পরিচালনগত সমস্যাও ছিল। এসব প্রতিষ্ঠানের মধ্যে খাবারের দোকানও ছিল। সাত মাস আগে যুক্তরাষ্ট্রে ব্যবসা সচল করতে কৌশল নিয়েছিল বার্গার কিং। ব্যবসায়িক ও বিপণন কার্যক্রমে পরিবর্তন আনার ফলে এরই মধ্যে কোম্পানির বিক্রয় ও গ্রাহক সন্তুষ্টি বেড়েছে। খবর সিএনবিসি।
আগামী ২ মের মধ্যে ব্র্যান্ডটি তার প্রথম প্রান্তিকের আয়ের প্রতিবেদন প্রকাশ করবে। আগের প্রান্তিকে বার্গার কিংয়ের বিক্রি ৫ শতাংশ বেড়েছিল। গত বছর যুক্তরাষ্ট্রে বার্গার কিংয়ের অভ্যন্তরীণ বিক্রি বাড়ানোর জন্য ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ৪০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছিল। সে অনুযায়ী, রেস্টুরেন্টের পুনর্গঠন ও বিজ্ঞাপনে জোর দেয় ব্র্যান্ডটি।
বার্গার কিং ইউএসের প্রেসিডেন্ট টম কার্টিস বলেন, ‘রেস্টুরেন্ট পরিচালনা উন্নত করতে প্রাথমিক পদক্ষেপ ও নতুন বিপণন কৌশলের কারণে এরই মধ্যে বিক্রি ও গ্রাহক সন্তুষ্টি বেড়েছে। যদিও এটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। গত ছয় মাসে যা ঘটেছে, তা হলো আমাদের ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে সম্পর্কোন্নয়ন। আমরা একসঙ্গে আছি।










