অর্থনৈতিক অস্থিতিশীলতা, তারল্য সংকট ও সদস্য হারানোর জেরে সম্প্রতি দেউলিয়া হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে অফিস-শেয়ারিং প্রতিষ্ঠান উইওয়ার্ক। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কাছে দেয়া এক বিবৃতিতে কোম্পানিটি সচল থাকতে পারার ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছে। খবর স্ট্রেইটস টাইমস।

নিউইয়র্কভিত্তিক প্রতিষ্ঠানটি ব্যবস্থাপনা বিভাগ থেকে পুনর্গঠন, পুনঃপরিকল্পনা ও সদস্য বৃদ্ধি নিয়ে কাজ করেছে। তার পরও চলতি বছরের প্রথমার্ধে লাখো ডলার লোকসান গুনতে হয়েছে প্রতিষ্ঠানটিকে। বিশেষ করে বর্তমানে বাজারে অফিস স্পেসের চাহিদা কমে যাওয়ার কারণে কোম্পানিটি ক্রমেই গতি হারাচ্ছে। উইওয়ার্কের শেয়ারদর বর্তমানে ১ ডলারেরও নিচে। প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান অ্যাডাম নিউম্যান পরিস্থিতিতে পরিবর্তন আনার চেষ্টা করেছেন। 

২০১৯ সালে নিউম্যানের সরে যাওয়ার পরই মূলত উইওয়ার্কের পরিস্থিতি নেতিবাচক দিকে বাঁক নেয়। কোম্পানিটির মূল্যমান ৪ হাজার ৭০০ কোটি ডলার থেকে ১ হাজার কোটি ডলারেরও নিচে নেমে আসে। বৈশ্বিক আবাসন খাতে উইওয়ার্কের নাম বেশ পরিচিত। বিশ্বের বড় বড় শহরে তাদের কার্যক্রম পরিচালিত হয়।