যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতি মোকাবেলায় ক্রমাগত সুদহার বাড়াচ্ছে। এমন অর্থনৈতিক অবস্থার মধ্যে জেপি মরগান চলতি বছর যুক্তরাষ্ট্রে মন্দার আশঙ্কা দেখছে না। তাদের পূর্বাভাস অনুযায়ী মার্কিন অর্থনীতি ভালো গতিতে বাড়বে। তারা চলতি প্রান্তিকে জিডিপি বা মোট দেশীয় পণ্যের প্রবৃদ্ধির পূর্বাভাস দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ২ দশমিক ৫ শতাংশ করেছে। খবর রয়টার্স।

যদিও আগামী বছরের জন্য মন্দার ঝুঁকি এখনো রয়ে গেছে, তবে ব্যাংকটি পরিমিত প্রবৃদ্ধি আশা করছে। ব্যাংক অব আমেরিকারও তাদের ২০২৩ সালের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রাক্কলন বাড়িয়েছেন। পাশাপাশি ২০২৪ সালের মন্দার পূর্বাভাস করছে না।

জেপি মরগান আঞ্চলিক ব্যাংকিং সংকটের সময় ঋণসীমার দ্রুত সমাধান এবং ব্যাংক আমানতকারীদের জন্য নিয়ন্ত্রকদের সমর্থনকে চলমান সংকটের ঝুঁকি কমানোর অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছে। অর্থনীতিবিদরা দেখিয়েছেন উন্নত শ্রম সরবরাহ এবং দ্বিতীয় প্রান্তিকের উৎপাদনশীলতার বৃদ্ধি ভালো সময় আসার ইঙ্গিত দিচ্ছে। ইকুইটি বাজারগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বৃদ্ধি থেকে উৎপাদনশীলতা লাভের প্রত্যাশা করছে। তবে বিশেষজ্ঞদের মতে, ফেড যদি সুদহার বাড়ানো অব্যাহত রাখে, তবে মন্দা ঘটতে পারে।