চলতি ২০২১-২২ (জুলাই-জুন) বিপণন মৌসুমে রাশিয়ার গম উৎপাদন হ্রাস পেতে পারে বলে ইঙ্গিত দিয়েছে দেশটির উল্লেখযোগ্য কৃষি এজেন্সিগুলো। উৎপাদন হ্রাসের কারণে কৃষিপণ্যটির দাম বৃদ্ধি ও বিশ্বব্যাপী সরবরাহ সংকটের শঙ্কার কথা জানায় সংশ্লিষ্টরা। খবর এসঅ্যান্ডপি গ্লোবাল প্ল্যাটস।
রুশ কৃষি গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান সোভইকন জানায়, ২০২১-২২ বিপণন মৌসুমে তাদের পূর্বনির্ধারিত পূর্বাভাসের পরিমাণ ৫৯ লাখ হাজার টন হ্রাস করে ৭ কোটি ৬৪ লাখ টন নির্ধারণ করেছে। শীতকালীন গমের বপন হ্রাস ও অনুমান অনুযায়ী ফলন হ্রাস পাওয়ায় পূর্বাভাসে পরিবর্তন এনেছে বলে জানায় কৃষি পরামর্শক প্রতিষ্ঠানটি।
এক মন্তব্যের মাধ্যমে সোভইকনের প্রধান আন্দ্রে সিজোভ জানান, সাধারণত বাজারে রাশিয়ার শীতকালীন গমের চাহিদা অনেকটা কম থাকে। এই শীতের মৌসুমে অপ্রত্যাশিতভাবে গম বপনের পরিমাণ হ্রাস পেয়েছে, যদিও এটি অনেকটা হালকা শীত ছিল। এমন পরিস্থিতি তৈরি হওয়ায় গম উৎপাদনের পূর্ববর্তী সব অনুমান শঙ্কায় পতিত হয়েছে।
সিজোভ আরো জানান, জুলাইয়ে গরম ও শুষ্ক আবহাওয়া গমের উৎপাদন হ্রাসের পেছনে আরেকটি কারণ হিসেবে কাজ করেছে। এ আবহাওয়ার ফলে বসন্ত মৌসুমের গমের উৎপাদন ও শীতকালীন গম উৎপাদনের কিছু অঞ্চলে প্রভাব ফেলতে পারে।
সোভইকোন জানায়, সেন্টার ও ভলগা ভ্যালিতে প্রত্যাশার চেয়ে কম হতে পারে শীতকালীন গমের ফলন। অন্যদিকে ভলগা ভ্যালিতে বসন্তকালীন গম উৎপাদনের ব্যাপারেও পূর্বাভাস সন্তোষজনক নয়।










