পুঁজিবাজারে তালিকাভুক্ত স্কয়ার গ্রুপের দুই কোম্পানি স্কয়ার টেক্সটাইলস পিএলসি ও স্কয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসির পর্ষদ সভা আজ যথাক্রমে বিকাল ৪টা ও ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি লভ্যাংশের ঘোষণা আসতে পারে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
স্কয়ার টেক্সটাইলস: সমাপ্ত ২০২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) স্কয়ার টেক্সটাইলসের আয় হয়েছে ১ হাজার ১১৩ কোটি টাকা, যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ১ হাজার ২৯৪ কোটি ৯২ লাখ টাকা। তিন প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৮১ কোটি ৪৭ লাখ টাকা, যেখানে আগের হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ১৪১ কোটি ৬ লাখ টাকা। ২০২৩ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির আয় হয়েছে ৩১১ কোটি ৫৫ লাখ টাকা, যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ৪৯৯ কোটি ৮৩ লাখ টাকা।
স্কয়ার ফার্মাসিউটিক্যালস: সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের নিট আয় হয়েছে ৪ হাজার ৮১৪ কোটি ৪১ লাখ টাকা, যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ৪ হাজার ৩৭২ কোটি ২২ লাখ টাকা। তিন প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১ হাজার ৪৯০ কোটি ৯৩ লাখ টাকা, যেখানে আগের হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ১ হাজার ৪২১ কোটি ৫ লাখ টাকা। আর ২০২৩ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির নিট আয় হয়েছে ১ হাজার ৫৮৮ কোটি ৭৪ লাখ টাকা, যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ১ হাজার ৪৬৫ কোটি টাকা।










