তালিকাভুক্ত বাংলাদেশ নাহী অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড বিদ্যমান ‘‌এ’ ক্যাটাগরি থেকে ‘‌বি’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের বিনিয়োগকারীদের ২ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করায় ক্যাটাগরির পরিবর্তন হয়। ২৬ নভেম্বর থেকে নতুন ক্যাটাগরিটি কার্যকর হবে। চিটাগং স্টক এক্সচেঞ্জ (সিএইই) সূত্রে এ তথ্য জানা গেছে। 

তথ্য অনুসারে, সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৮৮ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৬ পয়সায়। 

সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে নাহী অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেলের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৮৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ১৫ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১৯ টাকা ২৬ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৭ টাকা ৩৮ পয়সা।

৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। ২০২০ হিসাব বছরে মোট ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। এর মধ্যে ৮ শতাংশ নগদ ও ৭ শতাংশ স্টক লভ্যাংশ।

২০১৭ সালে তালিকাভুক্ত নাহী অ্যালুমিনিয়ামের অনুমোদিত মূলধন ১২০ কোটি x পরিশোধিত মূলধন ৬৮ কোটি ৩৬ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৬৩ কোটি ২৭ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৬ কোটি ৮৩ লাখ ৬০ হাজার ১৬০। এর মধ্যে ৩৯ দশমিক ৫৮ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৮ দশমিক ২৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৫২ দশমিক ১৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৬৫ টাকা ৩০ পয়সা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ৪৭ টাকা ২০ থেকে ৮৯ টাকা ৯০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।