কফি রফতানিতে বিশ্বের দ্বিতীয় শীর্ষ দেশ ভিয়েতনাম। গত মাসে দেশটির কফি রফতানি কমেছে। বছরের প্রথম ১০ মাসের রফতানিও নিম্নমুখী। মহামারীজনিত নানা বিধিনিষেধের কারণে ভিয়েতনামের কফি রফতানি খাত ঘুরে দাঁড়াতে পারছে না। এ নিয়ে টানা দ্বিতীয় মাসের মতো দেশটির রফতানি কমল। ভিয়েতনামের শুল্ক বিভাগ এ তথ্য জানিয়েছে।
তথ্য বলছে, অক্টোবরে ভিয়েতনাম ৯৯ হাজার ২৪৯ টন কফি রফতানি করে। আগের মাসের তুলনায় রফতানি কমেছে ১ দশমিক ১ শতাংশ। বছরের প্রথম ১০ মাসে দেশটি ১২ লাখ ৮৫ হাজার টন কফি রফতানিতে সক্ষম হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় রফতানি কমেছে ৪ দশমিক ২ শতাংশ।
রয়টার্সের দেয়া তথ্য বলছে, সেপ্টেম্বরে ভিয়েতনামের কফি রফতানি ১০ দশমিক ২ শতাংশ কমে গিয়েছিল। ওই মাসে দেশটি ১ লাখ ৩৪০ টন কফি রফতানি করে।










