সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে মুনাফা থেকে লোকসানে পড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইফাদ অটোস লিমিটেড। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের ঘোষণা দিয়েছে। কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫৮ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ১ টাকা ৫৬ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএনভিপিএস) দাঁড়িয়েছে ৩৭ টাকা ৯১ পয়সায়, গত বছরের একই সময় যা ছিল ৩৯ টাকা ৩৮ পয়সা।
লোকসান হওয়ার ব্যাপারে কোম্পানিটি জানিয়েছে, গত অর্থবছরে বাণিজ্যিক গাড়ির চাহিদা কমে যাওয়ায় বিক্রি ৪ দশমিক ৭৬ শতাংশ কমেছে। এছাড়া বৈদেশিক মুদ্রার বিনিময় হার ওঠানামাজনিত ক্ষতি ও মূল্যস্ফীতির কারণে মুনাফা কমেছে।
এদিকে কোম্পানিটির ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৮ ডিসেম্বর ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এজিএমের সময় পরে জানানো হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ নভেম্বর। পর্ষদ সভায় কোম্পানিটির নাম ইফাদ অটোস লিমিটেড থেকে ইফাদ অটোস পিএলসি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
৩০ জুন সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের মোট ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে ইফাদ অটোস। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ।
সমাপ্ত ২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ইফাদ অটোস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ১৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৯১ পয়সা। ২০১৯-২০ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে অন্য বিনিয়োগকারীদের জন্য ৯ শতাংশ নগদ ও সব শেয়ারহোল্ডারদের ২ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল ইফাদ অটোস।
২০১৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইফাদ অটোসের অনুমোদিত মূলধন ৩০০ কোটি ও পরিশোধিত মূলধন ২৬৫ কোটি ৫৯ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৬৮১ কোটি ২৬ লাখ টাকা। বর্তমানে কোম্পানির মোট শেয়ারের ৫৪ দশমিক ৮৭ শতাংশ এর উদ্যোক্তা পরিচালক, ২৮ দশমিক ৪০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক শূন্য ৮ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ১৬ দশমিক ৬৫ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
ডিএসইতে গতকাল ইফাদ অটোস শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৪৪ টাকা ১০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ৪৪ টাকা ১০ পয়সা থেকে ৪৭ টাকার মধ্যে ওঠানামা করেছে।










