বিশ্বের শীর্ষ পাঁচটি কফি উৎপাদনকারী দেশের একটি ইন্দোনেশিয়া। বৈরী আবহাওয়ায় গত মৌসুমে দেশটিতে কফির উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। তবে চলতি ২০২৪-২৫ মৌসুমে (এপ্রিল-মার্চ) সেখানে পানীয় পণ্যটির উৎপাদন ঘুরে দাঁড়াবে বলে প্রত্যাশা করা হচ্ছে। মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) সম্প্রতি এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে।
ইউএসডিএর প্রাক্কলন অনুযায়ী, চলতি মৌসুমে দেশটিতে ১ কোটি ৯ লাখ ব্যাগ (প্রতি ব্যাগে ৬০ কেজি) কফি উৎপাদন হতে পারে। গত মৌসুমে উৎপাদনের পরিমাণ ছিল ৭৬ লাখ ৫০ হাজার ব্যাগ, যা ছয় বছরের সর্বনিম্ন।
ইন্দোনেশিয়া মূলত রোবাস্তা কফি উৎপাদনে বিখ্যাত। ইনস্ট্যান্ট কফি তৈরির ক্ষেত্রে জাতটি সবচেয়ে বেশি ব্যবহার হয়। এল নিনোর কারণে গত বছর দেশটির বেশির ভাগ কফি আবাদি অঞ্চল খরার মুখে পড়ে।
শুধু ইন্দোনেশিয়া নয়, বিশ্বের দ্বিতীয় শীর্ষ কফি উৎপাদনকারী দেশ ভিয়েতনামও গত মৌসুমে খরার অভিঘাতে বিপাকে পড়ে। এসব দেশে উৎপাদন কমে যাওয়ায় ওই সময় কফির দাম বেড়ে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে উঠে আসে।
ইউএসডিএ আরো জানায়, ২০২৪-২৫ মৌসুমে ইন্দোনেশিয়া থেকে ৬০ লাখ ব্যাগ কফি রফতানি হতে পারে। গত মৌসুমে রফতানির পরিমাণ ছিল ৪২ লাখ ৮০ হাজার ব্যাগ। অর্থাৎ এক বছরের ব্যবধানে রফতানি বাড়তে পারে ১৬ লাখ ২০ হাজার ব্যাগ।










