এক মাস ধরেই দেশের পুঁজিবাজারে দৈনিক লেনদেনের পরিমাণ হাজার কোটি টাকার নিচে নেমে গেছে। এ সময়ে সূচকেও মিশ্র প্রবণতা পরিলক্ষিত হয়েছে। গতকাল এক মাস পর আবারো দৈনিক লেনদেন ১ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স বেড়েছে দশমিক ৮০ শতাংশ। অন্যদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সূচক ও লেনদেনে ঊর্ধ্বমুখিতা দেখা গেছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারের জন্য উল্লেখযোগ্য কিছু না থাকার কারণে বিনিয়োগকারীরা হতাশ হয়েছেন। তার ওপর টাকার ক্রমাগত অবমূল্যায়ন, চলতি মূলধন ঘাটতি বেড়ে যাওয়া এবং কলমানি বাজারে সুদহার বেড়ে যাওয়ার বিষয়টি বিনিয়োগকারীদের ভাবিয়ে তুলেছে। বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের নেয়া ঋণের পরিমাণও বাড়বে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে ব্যাংক খাতের তারল্য সংকট বাড়ার শঙ্কা রয়েছে। এসব কারণে বিনিয়োগকারীদের মধ্যে পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এ কারণে কিছুদিন ধরেই সূচক ও লেনদেনে নিম্নমুখিতা দেখা গেছে। তবে গত কয়েক দিনের দরপতনে অনেক শেয়ারের দর কমে আকর্ষণীয় অবস্থানে দাঁড়িয়েছে। এ কারণে গতকাল বিনিয়োগকারীদের মধ্যে কম দামে শেয়ারে বিনিয়োগ করতে দেখা গেছে। এতে বাজারের দৈনিক লেনদেনের পরিমাণও বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেন শুরুর পর ঊর্ধ্বমুখী ছিল সূচক। মাঝে কিছুটা নিম্নমুখিতা দেখা গেলেও শেয়ার কেনার চাপে শেষ পর্যন্ত দিন শেষে ৫১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪২৬ পয়েন্টে দাঁড়িয়েছে ডিএসইএক্স। এর আগের কার্যদিবসে যা ছিল ৬ হাজার ৩৭৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ গতকাল ২৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩২৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের দিন শেষে যা ছিল ২ হাজার ৩০২ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে ১৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪০৩ পয়েন্টে অবস্থান করছে। আগের দিন শেষে যা ছিল ১ হাজার ৩৮৯ পয়েন্টে। গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি অবদান রেখেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, সাইফ পাওয়ারটেক ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানির (বিএটিবিসি) শেয়ারের।
ডিএসইতে গতকাল ১ হাজার ৪৬ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। যেখানে আগের কার্যদিবসে লেনদেন ছিল ৯৪৪ কোটি টাকা। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৮১টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ১৯৮টির, কমেছে ১৩৫টির আর অপরিবর্তিত ছিল ৪৮টি সিকিউরিটিজের বাজারদর।
খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৫ দশমিক ৩ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বস্ত্র খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১২ দশমিক ৮ শতাংশ দখলে নিয়েছে বিবিধ খাত। ১০ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে সিরামিক খাত। ওষুধ খাতের দখলে ছিল লেনদেনের ৯ দশমিক ৮ শতাংশ। এছাড়া প্রকৌশল খাতের দখলে ছিল মোট লেনদেনের ৯ দশমিক ৪ শতাংশ। গতকাল ৬ শতাংশ ইতিবাচক রিটার্নের ভিত্তিতে শীর্ষে ছিল সেবা ও আবাসন খাত। অন্যদিকে দশমিক ৪ শতাংশ নেতিবাচক রিটার্নের ভিত্তিতে শীর্ষে ছিল ভ্রমণ ও অবকাশ খাত।
সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ৭৫ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৩৩১ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ১১ হাজার ২৫৬ পয়েন্টে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল ১২৫ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৮৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ১৮ হাজার ৭৭৩ পয়েন্টে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৯৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৫টির, কমেছে ১০০টির আর অপরিবর্তিত ছিল ৩০টির বাজারদর। গতকাল সিএসইতে ৮৭ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৪২ কোটি টাকা।










