বাংলাদেশের মোটরসাইকেল বাজারে নতুন এক্সব্লেড ২০২৪ উন্মোচন করেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে সম্প্রতি এক আয়োজনের মাধ্যমে দেশের বাইকারদের জন্য নতুন এক্সব্লেড উন্মোচন করা হয়। ওই অনুষ্ঠানে অতিথি ছিলেন আমন্ত্রিত গ্রাহক, বিভিন্ন গণমাধমের সংবাদকর্মী, হোন্ডার ডিলার এবং বাইকার গ্রুপের প্রতিনিধিরা। এছাড়া বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শিগেরু মাতসুজাকি, চিফ মার্কেটিং অফিসার শাহ মুহাম্মদ আশেকুর রহমান, চিফ প্রডাকশন অফিসার হিরোয়ুকি ইয়াসুনাগাসহ প্রতিষ্ঠানটির উচ্চপদস্থ কর্মকর্তারা। 

নতুন এক্সব্লেড ২০২৪ পরিচয় করিয়ে দিয়ে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শিগেরু মাতসুজাকি বলেন, ‘হোন্ডার বৈশ্বিক দৃষ্টিভঙ্গি হলো সাশ্রয়ী, উচ্চমান ও গতিশীলতার মাধ্যমে জনসাধারণের জীবনের উন্নয়নের সম্ভাবনাকে প্রসারিত করা। ৬০ হাজারের বেশি বাংলাদেশী গ্রাহক, যারা হোন্ডাকে বিশ্বাস করে, ২০১৯ সালের ডিসেম্বরে উন্মোচনের পর থেকে হোন্ডা এক্সব্লেড ব্যবহার করছেন। নতুন এক্সব্লেড ২০২৪ সাফল্যের জন্য দৃঢ়প্রতিজ্ঞ ও উৎসাহী তরুণদের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।’ —বিজ্ঞপ্তি