মার্কেন্টাইল ব্যাংক পিএলসি সম্প্রতি ড. তাপস চন্দ্র পাল ও শাহ্ মো. সোহেল খুরশীদকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি দিয়েছে। এর আগে তারা একই ব্যাংকের এসইভিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। মার্কেন্টাইল ব্যাংকের প্রবৃদ্ধি ও সুশাসনে তাদের দীর্ঘদিনের কৌশলগত ভূমিকার স্বীকৃতিস্বরূপ এ পদোন্নতি দেয়া হয়েছে।

ড. তাপস চন্দ্র পাল মার্কেন্টাইল ব্যাংকের সিএফও হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ব্যাংক খাতে দুই যুগের বেশি অভিজ্ঞতা নিয়ে তিনি কৌশলগত আর্থিক ব্যবস্থাপনা ও ঝুঁকি ব্যবস্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অবদান রাখেন।

ড. তাপস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.কম (সম্মান) ও এম.কম সম্পন্ন করেন। এছাড়া এমবিএর পাশাপাশি তিনি ‘বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কৌশলগত ব্যবস্থাপনা’ বিষয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

ড. তাপস জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে প্রশিক্ষক এবং প্রধান বক্তা হিসেবে নিয়মিত অংশগ্রহণ করেন। তিনি বিভিন্ন সময় দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেছেন।

শাহ্ মো. সোহেল খুরশীদ একজন অভিজ্ঞ ব্যাংকার হিসেবে সমাদৃত। তিনি মার্কেন্টাইল ব্যাংকের চিফ ক্রেডিট অফিসার, করপোরেট ব্যাংকিং ডিভিশনের প্রধান এবং একাধিক শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সোহেল খুরশীদ ১৯৯৯ সালের ডিসেম্বরে মার্কেন্টাইল ব্যাংকে যোগ দেন। এর আগে ১৯৯১ সালে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু হয়। পরবর্তী সময়ে তিনি ঢাকা ব্যাংকেও চাকরি করেন।

সোহেল খুরশীদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (সম্মান) ও এমএসএস ডিগ্রি অর্জনের পাশাপাশি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেন। পেশাগত উন্নয়নের অংশ হিসেবে তিনি দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। —বিজ্ঞপ্তি