সাইবার সিকিউরিটি খাতে বড় ধরনের বিনিয়োগ করতে যাচ্ছে গুগলের প্যারেন্ট অ্যালফাবেট। এ খাতের স্টার্টআপ উইজ কেনার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি, যার চুক্তি মূল্য হতে পারে ২৩ বিলিয়ন বা ২ হাজার ৩০০ কোটি ডলার। উইজ অধিগ্রহণ সম্পন্ন হলে এটি হবে প্রযুক্তি খাতের ইতিহাসে এ ধরনের সবচেয়ে বড় চুক্তি। খবর ফাইন্যান্সিয়াল টাইমস।
অধিগ্রহণ প্রক্রিয়াটির সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি জানিয়েছেন, বিষয়টি এখনো আলোচনা পর্যায়ে। চুক্তি থেকে এখনো বেশ দূরেই অবস্থান করছে অ্যালফাবেট। শেষ পর্যন্ত আলোচনা ভেস্তেও যেতে পারে। বেশকিছু বিষয়ে উভয় পক্ষ একমত হতে না পারলেও এখন পর্যন্ত ইতিবাচক পথেই রয়েছে আলোচনা।
অ্যালফাবেটের শেষ বড় চুক্তি ছিল এক দশকেরও বেশি সময় আগে। কোম্পানি তখন ১ হাজার ২৫০ কোটি ডলারে মটোরোলা মবিলিটি অধিগ্রহণ করেছিল। উইজ অধিগ্রহণ হবে অ্যালফাবেটের জন্য সাইবার সিকিউরিটিতে আরেকটি বড় পদক্ষেপ।
সর্বশেষ দুই বছর আগে তারা ৫৪০ কোটি ডলারে সাইবার সিকিউরিটি স্টার্টআপ ম্যান্ডিয়ান্ট অধিগ্রহণ করেছিল।
উইজ মূলত একটি ক্লাউড সিকিউরিটি স্টার্টআপ। কোম্পানিটি হোস্টিং কম্পিউটিং পরিকাঠামো বিশ্লেষণ করে ক্লাউডে প্রোগ্রাম সুরক্ষিত করতে সেবা দিয়ে থাকে। এর গ্রাহক হিসেবে রয়েছে সেলসফোর্স, মার্স ও বিএমডব্লিউর মতো বহুজাতিক গ্রুপগুলো। গত বছরের ফেব্রুয়ারি পর্যন্ত কোম্পানিটির কর্মী সংখ্যা ছিল ৯০০, যাদের বেশির ভাগই ইসরায়েলভিত্তিক।
তবে চুক্তির বিষয়ে উইজ ও অ্যালফাবেট কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।










