দীর্ঘ সময় লোকসানের পর বাড়তে শুরু করেছে ভিয়েতনামি গোলমরিচের দাম। ফলে দেশটির গোলমরিচ উৎপাদনের জন্য বিখ্যাত গিয়া লাই, ভুঙ তাও ও ডং নাই এলাকার কৃষকেরা অনেকটা ব্যস্ত সময় পার করছেন। মাঝে মাঝে মরিচের আকাশছোঁয়া দামের কারণে একে ‘ব্ল্যাক গোল্ড’ও বলা হতো।

কৃষক গুইন ভ্যান নাম জানান, ফেব্রুয়ারির শেষ দিকে যখন প্রতি কেজি গোলমরিচের দাম ২ ডলার ১৮ সেন্ট পর্যন্ত ছিল তখন তিনি এর উৎপাদনের কোনো পরিকল্পনা করেননি। কিন্তু হঠাৎ করেই প্রতি কেজি মরিচের দাম ৩ ডলার ৫ সেন্টে পৌঁছলে তিনি আবার উৎপাদনের দিকে মনোযোগ দেন।

ব্যবসায়ীরা সাধারণত প্রতি কেজি অর্গানিক মরিচ কেনেন ৪৪ থেকে ৬৫ সেন্টে। ভুঙ তাওয়ে প্রতি কেজি মরিচ ৩ ডলার ৫ থেকে ৩ ডলার ১৮ সেন্ট পর্যন্ত বিক্রি হচ্ছে।

দেশটির কাস্টমস বিভাগ জানায়, গত দুই মাসে ভিয়েতনাম ৩০ হাজার ২৯১ টন গোলমরিচ রফতানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৫ দশমিক ৩ শতাংশ কম।