তিন হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা হাতে নিয়েছে মরগান স্ট্যানলি। চলতি বছরের প্রথম প্রান্তিকে মুনাফায় বড় ধরনের পতন ও আগামী দিনগুলোর ঝুঁকি মোকাবেলায় এমন সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। খবর ফ্রি মালয়েশিয়া টুডে। 

মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠানটি চলতি প্রান্তিক ৪ শতাংশ কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। মার্চের শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটিতে কর্মী সংখ্যা ৮২ হাজার। আয়ের প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানিয়েছে, লেনদেনের গতি কমে যাওয়ায় চলতি বছরের প্রথম প্রান্তিকে ২০ শতাংশ মুনাফার পতন ঘটেছে। এর আগে গত বছর ২ শতাংশ কর্মী ছাঁটাই করে প্রতিষ্ঠানটি। ছাঁটাইকৃত কর্মীর সংখ্যা ছিল ১৬০০ জন। নতুন করে ছাঁটাইকৃত কর্মীর সংখ্যা তিন হাজার অতিক্রম করতে পারে।

সম্প্রতি ফার্স্ট রিপাবলিক ব্যাংক কিনে নেয় মার্কিন অর্থনৈতিক প্রতিষ্ঠান জেপি মরগান। সমকালে সব থেকে বড় ধরনের ব্যাংক পতনের ঘটনা এটি। তার ঠিক পর পরই এমন ঘোষণা এল মরগান স্ট্যানলির পক্ষ থেকে। 

এ কথা স্পষ্ট যে ব্যাংক খাতের অর্থনীতি এখনো যথেষ্ট দুর্বল। সুদের হার এখনো অনেক বেশি।

সিলিকন ভ্যালি ব্যাংকের ধসের পর মাঝারি ধরনের ব্যাংকগুলো নিয়ে ভীতির সৃষ্টি হয়। অনিশ্চয়তা দেখা দেয় পুরো ব্যাংক খাতে। এপ্রিলের আয়ের সূচকেই প্রমাণ হয়, কেবল ফার্স্ট রিপাবলিক ব্যাংক না, গোটা ব্যাংক খাতই ঝুঁকির সময় পার করছে।