আবারো বাড়তে শুরু করেছে চীনের অপরিশোধিত জ্বালানি তেল আমদানি। রাষ্ট্রায়ত্ত পরিশোধন কোম্পানিগুলো জুনে পরিশোধনাগার রক্ষণাবেক্ষণ ও মেরামতকাজ শুরু করে। এতে ওই মাসে পরিশোধন কার্যক্রম কমে যায়। তবে জুলাইয়ে পরিশোধনাগারগুলোতে আবার কার্যক্রম শুরু হওয়ায় আমদানি বেড়েছে। খবর রয়টার্স।

গত মাসে চীন বিশ্ববাজার থেকে ৪ কোটি ১২ লাখ ৪০ হাজার টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করে, যা দৈনিক ৯৭ লাখ ১০ হাজার ব্যারেলের সমান। চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস এ তথ্য জানিয়েছে। জুনে দেশটি ৪ কোটি ১ লাখ ৪০ হাজার টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছিল। সে হিসাবে আমদানি ১১ লাখ টন বেড়েছে।

তবে মাসভিত্তিক হিসাবে আমদানি বাড়লেও গত বছরের একই সময়ের তুলনায় আমদানি ছিল নিম্নমুখী। ২০২০ সালের জুলাইয়ে চীন ৫ কোটি ১২ লাখ ৯০ হাজার টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছিল।

চীন বিশ্বের শীর্ষ অপরিশোধিত জ্বালানি তেল আমদানিকারক। চলতি বছরের প্রথম সাত মাসে দেশটি সব মিলিয়ে ৩০ কোটি ১৮ লাখ ৩০ হাজার টন অপরিশোধিত জ্বালানি আমদানি করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আমদানি ৫ দশমিক ৬ শতাংশ হ্রাস পেয়েছে।