চলতি সপ্তাহে প্রকাশিত এক বিশ্লেষণে এ তথ্য জানানো হয়। খবর রয়টার্স।

অ্যাপল ম্যাকবুক নিও নামের ল্যাপটপটি উন্মোচন করে গত সপ্তাহে। শিক্ষার্থীদের কথা মাথায় রেখে এটি তৈরি করা হয়েছে বলে জানায় টেক জায়ান্টটি। ডিভাইসটির প্রারম্ভিক মূল্য ধরা হয়েছে ৪৯৯ ডলার (বাংলাদেশী মুদ্রায় ৬০ হাজার টাকার কাছাকাছি)।

আইফিক্সিট জানিয়েছে, ২০১৪ সালের পর অ্যাপলের তৈরি ল্যাপটপগুলোর মধ্যে মেরামতের দিক থেকে এটি সবচেয়ে সহজ।

আইফিক্সিট সাধারণত বিভিন্ন ভোক্তা প্রযুক্তিপণ্যের মেরামত নির্দেশিকা প্রকাশ করে। পাশাপাশি প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় যন্ত্রাংশ ও সরঞ্জাম বিক্রি করে। একই সঙ্গে তারা পণ্যের মেরামতযোগ্যতা নিয়ে একটি মূল্যায়নও প্রকাশ করে। ডেল ও লেনোভোর মতো ল্যাপটপ নির্মাতা প্রতিষ্ঠানগুলো অনেক সময় এ মূল্যায়নের ভিত্তিতে নিজেদের পণ্যের ডিজাইন উন্নত করার চেষ্টা করে।

ম্যাকবুক নিও খুলে বিশ্লেষণ করার সময় আইফিক্সিট দেখেছে, আগের ল্যাপটপগুলোর তুলনায় এতে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। ব্যাটারি ও কি-বোর্ড আঠা বা রিভেট দিয়ে নয়, স্ক্রুর মাধ্যমে যুক্ত করা হয়েছে। ফলে এগুলো খুলে মেরামত করা তুলনামূলক সহজ হয়েছে। এছাড়া ক্যামেরা ও আঙুলের ছাপ শনাক্তকারী সেন্সরের মতো কিছু অংশ সহজে বদলানোর সুযোগ রাখা হয়েছে।

প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, কম দামের ক্রোমবুক দিয়ে গুগল যেভাবে শিক্ষা খাতে বড় বাজার তৈরি করেছে, অ্যাপলও ম্যাকবুক নিও দিয়ে একই বাজারকে লক্ষ্য করছে।

যদিও আইফিক্সিটের মূল্যায়নে ম্যাকবুক নিও ১০-এর মধ্যে ৬ নম্বর পেয়েছে। অন্যদিকে লেনোভোর সাম্প্রতিক একটি থিংকপ্যাড মডেল ৯ বা ১০ নম্বর পেয়েছে। গত এক দশকে অ্যাপল ডিভাইসগুলো আরো পাতলা ও হালকা করার দিকে বেশি গুরুত্ব দিয়েছে। ফলে অনেক সময় পণ্যগুলো মেরামত করা কঠিন হয়ে পড়ত।