ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানিটির নাম পরিবর্তন ও অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী বছরের ২৯ জানুয়ারি সকাল ১০টায় বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করা হয়েছে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৮ জানুয়ারি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

তথ্যানুসারে, কোম্পানিটির নাম ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিবর্তে হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি রাখা হবে। অন্যদিকে কোম্পানিটির অনুমোদিত মূলধন বিদ্যমান ১০ কোটি টাকা থেকে ৩০ কোটি টাকায় উন্নীত করা হবে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ইমাম বাটনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যেখানে শেয়ারপ্রতি লোকসান ছিল ৭৩ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ৭৪ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির পর্ষদ সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ অন্তবর্তী লভ্যাংশ ঘোষণা করেছে। 

এর আগে ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ সুপারিশ করেনি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭৩ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৯৭ পয়সা। 

সমাপ্ত ২০২২, ২০২১ ও ২০২০ হিসাব বছরেও কোম্পানিটি বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি। ১৯৯৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০ কোটি টাকা। বর্তমানে পরিশোধিত মূলধন ৭ কোটি ৭০ লাখ টাকা। পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ৬ কোটি ১৯ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৭৭ লাখ। এর ৩৪ দশমিক ১২ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১১ দশমিক শূন্য ৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৫৪ দশমিক ৭৯ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।