গত শুক্রবার রাতে আকস্মিক এক ঘোষণায় দেশে জ্বালানি তেলের রেকর্ড পরিমাণ দাম বাড়ায় সরকার। এর প্রভাবে দেশের মূল্যস্ফীতি ও মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়ার পাশাপাশি নেতিবাচক প্রভাব পড়বে ব্যবসা-বাণিজ্যে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে দেশের পুঁজিবাজারেও। এতে টানা দুই দিন ধরে নিম্নমুখী পুঁজিবাজারের সূচক।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল সকাল ১০টায় লেনদেন শুরুর পর প্রথম তিন মিনিট ইতিবাচক ছিল পুঁজিবাজার। এর পর থেকেই শেয়ার বিক্রির চাপে পয়েন্ট হারাতে থাকে সূচক। সকাল সাড়ে ১০টার দিকে ঘুরে দাঁড়ালেও সেটি আধা ঘণ্টার বেশি স্থায়ী হয়নি। এর পর থেকেই টানা নিম্নমুখী অবস্থানে ছিল সূচক। শেষ পর্যন্ত গতকাল দিন শেষে আগের দিনের তুলনায় ৪৫ পয়েন্ট কমে ৬ হাজার ২৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ গতকাল ২২ পয়েন্ট কমে ২ হাজার ২৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে ৯ পয়েন্ট কমে ১ হাজার ৩৬৮ পয়েন্টে অবস্থান করছে। গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল বেক্সিমকো লিমিটেড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি) ও স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ারের।

বাজার বিশ্লেষকরা বলছেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রভাবে দেশের সামষ্টিক অর্থনীতি আরো চাপে পড়ার শঙ্কা কাজ করছে বিনিয়োগকারীদের মধ্যে। এরই মধ্যে উচ্চ মুদ্রাস্ফীতি ও টাকার অবমূল্যায়নের প্রভাবে অর্থনীতি চাপের মধ্যে ছিল। জ্বালানি তেলের দাম বাড়ার কারণে অর্থনীতিতে চাপ আরো তীব্র হবে। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার পাশাপাশি তালিকাভুক্ত কোম্পানিগুলোর মুনাফা কমার শঙ্কায় রয়েছেন বিনিয়োগকারীরা। এরই মধ্যে গ্যাসস্বল্পতার কারণে চাহিদা অনুসারে বিদ্যুৎ না পেয়ে কোম্পানিগুলোর ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়েছে। আগের দিনের তুলনায় গতকাল পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রির প্রবণতা ছিল লক্ষণীয়। ফ্লোর প্রাইস না থাকলে পুঁজিবাজারের দরপতন আরো তীব্র হতো বলে মনে করছেন বিশ্লেষকরা।

ডিএসইতে গতকাল ১ হাজার ৮৩ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। যেখানে আগের কার্যদিবসে লেনদেন ছিল ১ হাজার ১১৭ কোটি টাকা। গতকাল এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৮০টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ১০৩টির, কমেছে ২১১টির আর অপরিবর্তিত ছিল ৬৬টি সিকিউরিটিজের বাজারদর।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ২৪ দশমিক ৮ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বস্ত্র খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১০ দশমিক ৭ শতাংশ দখলে নিয়েছে বিবিধ খাত। ১০ দশমিক ১ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাত। মোট লেনদেনের ১০ শতাংশের ভিত্তিতে চতুর্থ অবস্থানে ছিল প্রকৌশল খাত। আর খাদ্য ও আনুষঙ্গিক খাতের দখলে ছিল লেনদেনের ৯ দশমিক ৮ শতাংশ। গতকাল পুঁজিবাজারে সবচেয়ে বেশি ইতিবাচক রিটার্ন ছিল সেবা ও আবাসন খাতে ১ দশমিক ৮ শতাংশ। অন্যদিকে ১ দশমিক ৫ শতাংশ নেতিবাচক রিটার্নের ভিত্তিতে শীর্ষে ছিল আর্থিক প্রতিষ্ঠান খাত।

দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ৫৯ পয়েন্ট কমে ১১ হাজার ৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের কার্যদিবসে যা ছিল ১১ হাজার ১০৬ পয়েন্ট। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল ৯৭ পয়েন্ট কমে ১৮ হাজার ৪৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ১৮ হাজার ৫৩৫ পয়েন্টে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৩১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ৯১টির আর অপরিবর্তিত ছিল ৫১টির বাজারদর। গতকাল সিএসইতে ১৮ কোটি ৪০ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২১ কোটি ৭০ লাখ টাকা।