পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। কোম্পানিগুলো হলো ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেড, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি (ইপিজিএল) ও বিডিকম অনলাইন লিমিটেড। ডিএসই সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।
ডরিন পাওয়ার: সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে শুধু সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ডরিন পাওয়ারের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩ টাকা ১৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৮১ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫২ টাকা ৪৩ পয়সায়।
এনার্জিপ্যাক পাওয়ার: সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে শুধু সাধারণ বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে এনার্জিপ্যাক পাওয়ারের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৫০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ১৮ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩২ টাকা ৮৬ পয়সায় (পুনর্মূল্যায়িত)।
বিডিকম অনলাইন: সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে বিডিকম অনলাইনের ইপিএস হয়েছে ৮৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮৫ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৫ টাকা ৫৮ পয়সায়।










