চলতি বছর যুক্তরাষ্ট্রের কয়লা উত্তোলন বাড়বে। এ সময় দেশটি ৫৭ কোটি ২০ লাখ শর্ট টন (১ শর্ট টনে ৯০৭ দশমিক ১৮ কেজি) কয়লা উত্তোলন করবে, যা গত বছরের তুলনায় ৭ শতাংশ বেশি। মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর এসঅ্যান্ডপি গ্লোবাল প্ল্যাটস।
উন্নত বিশ্বের দেশগুলো দিন দিন কয়লার ব্যবহার যথাসম্ভব কমিয়ে আনছে। সম্প্রতি জি৭ জোটভুক্ত দেশগুলোর সম্মেলনে কয়লা খাতে বিনিয়োগ বন্ধ করে দেয়ার প্রস্তাব ওঠে। এতে যুক্তরাষ্ট্রসহ জোটের সদস্যদেশগুলো সম্মতি জানায়। তবে ইআইএর পূর্বাভাসে যুক্তরাষ্ট্রের বার্ষিক কয়লা উত্তোলন বৃদ্ধির চিত্র দেখা গেছে। যদিও দেশটির সাপ্তাহিক উত্তোলনের পরিমাণ কমেছে। সর্বশেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রে জ্বালানি পণ্যটির উত্তোলন আগের সপ্তাহের তুলনায় ৫ দশমিক ৪ শতাংশ কমে যায়। কিন্তু গত বছরের একই সপ্তাহের তুলনায় উত্তোলন বেড়েছে ৩৭ দশমিক ২ শতাংশ।
বিশ্বের দ্বিতীয় শীর্ষ কয়লা উত্তোলনকারী দেশ যুক্তরাষ্ট্র। ইআইএর তথ্য অনুযায়ী, সর্বশেষ সপ্তাহে দেশটির কূপগুলো থেকে মোট ১ কোটি ১৬ লাখ শর্ট টন কয়লা উত্তোলিত হয়েছে। ২০তম সপ্তাহে পাঁচ বছরের গড় উত্তোলনের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ২৬ লাখ শর্ট টনে। এছাড়া এ বছরের ২০ সপ্তাহে সব মিলিয়ে উত্তোলন করা হয়েছে ২৩ কোটি ১০ লাখ শর্ট টন কয়লা, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৬ শতাংশ বেশি।
মার্কিন যুক্তরাষ্ট্রের পর্বতাঞ্চলীয় রাজ্য ইয়মিং ও মন্টানায় সর্বশেষ সপ্তাহে কয়লা উত্তোলন উল্লেখযোগ্য হারে কমেছে। এ সময় উত্তোলন ৬ দশমিক ৫ শতাংশ কমে ৫৩ লাখ টনে নেমে গেছে। তবে গত বছরের একই সময়ের তুলনায় উত্তোলন বেড়েছে ৩৭ দশমিক ৪ শতাংশ। বছরের শুরু থেকে সর্বশেষ সপ্তাহ পর্যন্ত এ দুই রাজ্য থেকে মোট ১০ কোটি ৬০ লাখ শর্ট টন কয়লা উত্তোলিত হয়েছে। চলতি বছর উত্তোলনের পরিমাণ দাঁড়াবে ২৬ কোটি ৩০ লাখ শর্ট টনে, যা গত বছরের তুলনায় ৭ দশমিক ৫ শতাংশ বেশি।
এদিকে এ সপ্তাহে দেশটির ইলিনয় বেসিন থেকে প্রায় ১৪ লাখ শর্ট টন কয়লা উত্তোলিত হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ৩ শতাংশ কম। কিন্তু গত বছরের একই সময়ের তুলনায় ২৯ দশমিক ৯ শতাংশ বেশি।
একই সময়ে দেশটির উত্তর অ্যাপালেশিয়ান রাজ্যে জ্বালানি পণ্যটির উত্তোলন ৪ দশমিক ৮ শতাংশ কমে ১৬ লাখ শর্ট টনে নেমেছে। তবে আগের বছরের একই সপ্তাহের তুলনায় উত্তোলন বেড়েছে ৩৯ দশমিক ২ শতাংশ। এছাড়া মধ্য অ্যাপালেশিয়ানে এ সময় ১৩ লাখ শর্ট টন কয়লা উত্তোলিত হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ২ দশমিক ৯ শতাংশ কম হলেও এক বছর আগের একই সময়ের তুলনায় ২৫ দশমিক ৪ শতাংশ বেশি।










