হিসাব বছর গণনায় টানা পাঁচ বছরেরও বেশি সময় ধরে লোকসানে রয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড। চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ব্যাংকটির পাঁচ গুণ লোকসান হয়েছে। আলোচ্য হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ব্যাংকের ১৭৩তম পর্ষদ সভায় গত বৃহস্পতিবার এ প্রতিবেদন অনুমোদিত হয়েছে।

প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে আইসিবি ইসলামিক ব্যাংকের কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ৩৭ কোটি ৫০ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭ কোটি ৩৯ লাখ টাকা। আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫৬ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১১ পয়সা।

অন্যদিকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ১১ কোটি ৩৭ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৮ কোটি ৬৩ লাখ টাকা। আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৭ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৩ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ১৯ টাকা ৮ পয়সায়। আগের হিসাব বছরের একই সময় শেষে এ দায় ছিল ১৮ টাকা ২৫ পয়সায়।