রাজধানীতে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ১২তম জাতীয় এসএমই পণ্য মেলা। এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রোববার (৭ ডিসেম্বর) এ প্রদর্শনী শুরু হবে, চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। এ আয়োজনের উদ্বোধন করবেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। রাজধানীতে গতকাল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এবারের মেলায় অংশ নেবে প্রায় ৩৫০ ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান, যাদের মধ্যে প্রায় ৬০ শতাংশই নারী-উদ্যোক্তা। অনুষ্ঠানে ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৫’-এ বিজয়ী ছয়জন মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি ও স্টার্টআপ উদ্যোক্তার হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেবেন অতিথিরা। মেলায় প্রতিদিন এসএমই-বিষয়ক কর্মশালা, প্রশিক্ষণ, ব্যাংকার-উদ্যোক্তা ঋণ সংযোগ অনুষ্ঠান আয়োজন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মো. মুসফিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়-সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, শিল্প সচিব মো. ওবায়দুর রহমান, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী এবং পর্ষদ সদস্য ও মেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সামিম আহমেদ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতীয় এসএমই পণ্য মেলায় এসএমই ঋণ বিতরণকারী প্রায় ৩০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। তাদের কাছ থেকে উদ্যোক্তারা এসএমই ঋণ বিষয়ে প্রয়োজনীয় তথ্য স্পষ্টীকরণসহ ব্যাংকারদের সঙ্গে সরাসরি আলোচনা ও পরামর্শ করার সুযোগ পাবেন। এ ক্ষেত্রে ব্যাংক-উদ্যোক্তা একমত হলে ঋণের জন্য মেলাতেই আবেদন করতে পারবেন এবং সম্ভব হলে ঋণপ্রাপ্তির বিষয়েও ধারণা অর্জন করতে পারবেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী, মেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সামিম আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম হাসান সাত্তার এবং সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কামরুল মেহেদী।










