তালিকাভুক্ত ব্যাংকবহির্ভুত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের ঋণমান আগের তুলনায় অবনমন হয়েছে। ওয়াসো ক্রেডিট রেটিং কোম্পানি (বিডি) লিমিটেডের (ডব্লিউসিআরসিএল) প্রত্যয়ন অনুযায়ী, কোম্পানিটির সার্ভিলেন্স রেটিং দীর্ঘমেয়াদে ‘‌ডাবল এ প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-৪’। সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য প্রাসঙ্গিক গুণগত ও পরিমাণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করা হয়। 

ডিএসইর তথ্যানুসারে, এর আগে ডব্লিউসিআরসিএল কর্তৃক সমাপ্ত ২০২০ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে কোম্পানিটির সার্ভিলেন্স রেটিং ছিল ট্রিপল বি২ ও এসটি-৩। 

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২৩ হিসাব বছরের তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৪৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫ টাকা ৬৬ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে শেয়ারপ্রতি নিট দায় (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ৮৬ পয়সায়। 

তথ্য অনুসারে, সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল কোম্পানির পরিচালনা পর্ষদ। আলোচ্য হিসাব বছরে এনবিএফআইটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৪ টাকা ৫২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৮ টাকা ৪৭ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়ায় ২৮ টাকা ৮৪ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৪ টাকা ৩২ পয়সা।