পুঁজিবাজারে তালিকাভুক্ত কক্সবাজারের পাঁচ তারকা হোটেল সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের শেয়ার কিনবে লুক্সেমবার্গভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান জেম গ্লোবাল ইল্ড এলএলসি এসসিএস। সম্প্রতি শেয়ার কেনাবেচার এ চুক্তি বেশকিছু শর্তসাপেক্ষে অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

চুক্তি অনুসারে, জেম গ্লোবাল ইল্ড এলএলসি এসসিএস সি পার্ল বিচ রিসোর্টের ৩৫০ কোটি টাকার শেয়ার কিনবে। সি পার্ল বিচ রিসোর্টের দুটি প্লেসমেন্টহোল্ডার প্রতিষ্ঠান বেঙ্গল ভ্যাকেশন ক্লাব লিমিটেড ও ভেনাস বিল্ডার্স লিমিটেড এবং একজন সাধারণ শেয়ারহোল্ডার সম্মিলিতভাবে জেম গ্লোবালের কাছে শেয়ার বিক্রির জন্য চুক্তি করেছে, যা শিগগিরই বাস্তবায়ন হবে। এসব প্রতিষ্ঠান ও ব্যক্তি সম্মিলিতভাবে সি পার্লের ১ কোটি ৬২ লাখ ৪৪ হাজার ৫৬৬টি শেয়ার ধারণ করছে। 

এ বিষয়ে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল হক শামীম বলেন, ‘‌শেয়ার বিক্রির ৩৫০ কোটি টাকার মধ্যে ১০০ কোটি টাকার ঋণ পরিশোধ করা হবে। এর বাইরে ১০০ কোটি টাকার নতুন বিনিয়োগ হবে। অবশিষ্ট অর্থ পুঁজিবাজারসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করার পরিকল্পনা রয়েছে।’