মূল্যস্ফীতি কাটিয়ে অর্থনৈতিকভাবে শক্তিশালী হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির মূল্যস্ফীতি চলতি বছরের শেষ দিকে কমে ৩ দশমিক ২ শতাংশে দাঁড়াবে। গত বছরে যা ছিল ৪ দশমিক ৮ শতাংশ। দেশের অভ্যন্তরে স্থিতিশীল মূল্য ও বৈশ্বিক মূল্যস্ফীতির প্রভাব কমে আসা এক্ষেত্রে ভূমিকা পালন করছে। এমনটাই জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী মুহাম্মদ হাদি আল হুসাইনি। খবর আরব নিউজ।
মুহাম্মদ হাদি আল হুসাইনি বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি নিয়ে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পূর্বাভাস ইতিবাচক। তবে এ অঞ্চলের অনেক দেশই চলমান বৈশ্বিক অস্থিতিশীলতার কারণে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। সম্প্রতি দুবাই ইকোনমিক এজেন্ডা ডি৩৩ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত। সেখানে এক দশকে দেশীয় অর্থনীতিকে দ্বিগুণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়। পরিকল্পনা নেয়া হয় অর্থনৈতিকভাবে শক্তিশালী বিশ্বের তিনটি শহরের একটি হিসেবে দুবাইকে প্রতিষ্ঠিত করার। চলতি বছরের প্রথম প্রান্তিক পর্যন্ত অনেকটাই আশাবাদী আরব আমিরাত। প্রথম প্রান্তিকেই দুবাইয়ে শুল্ক লেনদেন হয়েছে ৭০ লাখ। জাল পণ্য সরবরাহ প্রতিরোধ ও বুদ্ধিবৃত্তিক সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে শুল্ক বেড়েছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে সরকার ১১২টি কেস ইস্যু করেছে বুদ্ধিবৃত্তিক সম্পত্তির নিরাপত্তা বিধানে। তার মধ্যে ৯৬ লাখ জাল পণ্যের মূল্যই ২ কোটি ৮৮ লাখ ৫০ হাজার দিরহাম বা ৭৮ লাখ ৫০ হাজার ডলার। এদিকে সরকার জাল পণ্যকে প্রক্রিয়াজাতের জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। সমাপ্ত হওয়া ২৪টি প্রক্রিয়ার মধ্যে ৪৩ হাজার ৭৮০টি আইটেম ছিল।
সরকার ও সিদ্ধান্তগ্রহীতাদের মধ্যকার সম্পর্ক উন্নয়নে দুবাই হাব নাব নামে অ্যাপ্লিকেশন চালু করা হয়েছে। নতুন প্লাটফর্মটির ঘোষণা দেন দুবাইয়ের যুবরাজ শেখ হামদান বিন মুহাম্মদ বিন রশিদ আল মাকতুম। সিদ্ধান্তটি বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেয়। বিশেষ করে সরকারের মনোযোগ ও সচেতনতার কথা তুলে ধরে। হাব নাব বিভিন্ন ধরনের পরিষেবা প্রদান করে। তাৎক্ষণিক মেসেজ দেয়া, ভয়েস যোগাযোগ, অডিও ও ভিডিও আলোচনা, ছবি, নথি ও অন্যান্য উপাদান শেয়ার করার সুযোগ রয়েছে এতে। দেশটিতে নগরায়ণের দ্রুত বিস্তারে সরকারের কৌশলগত সিদ্ধান্ত হিসেবে উন্মোচন করা হয় হাব নাব।
প্রযুক্তিগত দিক থেকে আবুধাবি নির্ভর কৃত্রিম বুদ্ধিমত্তা সংগঠন জি-৪২। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্র নিয়ন্ত্রিত বিনিয়োগ প্রতিষ্ঠান মুবাদালা ঘোষণা দিয়েছে এম-৪২ চালু করার। এম-৪২ হলো কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর স্বাস্থ্য পরিষেবা প্রতিষ্ঠান। এর মধ্যে দিয়ে সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে চিকিৎসাসেবায় ব্যাপক পরিবর্তন সাধিত হবে।
আরব আমিরাতের সঙ্গে কুয়েতের বাণিজ্যিক সম্পর্কের উন্নয়নের জেরে স্থাপিত হয়েছে নতুন অধ্যায়। খলিফা বন্দর ও আল-শুয়াইখ বন্দরের মধ্যে স্থাপিত হচ্ছে সরাসরি সামুদ্রিক পথ। এর মাধ্যমে বাণিজ্যিক, পরিবহন ও অন্যান্য ক্ষেত্রে অর্থনৈতিকভাবে উপকৃত হবে উভয় দেশ। সামগ্রিক বিবেচনায় এগিয়ে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি। গতি অব্যাহত থাকলে লক্ষ্যমাত্রা অর্জন অসম্ভব না।










