দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ধুঁকছে ফিলিপাইন। জানুয়ারিতে দেশটির মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৭ শতাংশ, যা দেশটির ইতিহাসে ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ। ফিলিপাইন স্ট্যাটিসটিকস অথরিটি (পিএসএ) মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে। ব্যাংকো সেন্ট্রাল এনজি ফিলিপিনাস (বিএসপি) গত সপ্তাহে এক পূর্বাভাসে ৭ দশমিক ৬ শতাংশ মূল্যস্ফীতির পূর্বাভাস দিয়েছিল। কিন্তু দেশটির মূল্যস্ফীতি ১৪ বছরের সর্বোচ্চে দাঁড়িয়েছে। এর আগে ২০০৮ সালের নভেম্বরে ৯ দশমিক ১ শতাংশ মূল্যস্ফীতির রেকর্ড গড়েছিল দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি। এক বিবৃতিতে ফিলিপাইনের জাতীয় অর্থনৈতিক ও উন্নয়ন কর্তৃপক্ষ (এনইডিএ) জানায়, জানুয়ারিতে মূল্যস্ফীতির পেছনে প্রধান ভূমিকা ছিল বিদ্যুৎ ও শাকসবজি, বিশেষত পেঁয়াজের আকাশচুম্বী দাম। —নিক্কেই এশিয়া