চলতি অর্থবছরে মোট আয় বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে ফেডএক্স। বৃহস্পতিবার এ পূর্বাভাস করেছে যুক্তরাষ্ট্রের মেম্ফিসভিত্তিক এ প্রতিষ্ঠান। ব্যয় সংকোচন নীতির ইতিবাচক প্রভাব পড়বে প্রতিষ্ঠানটির আয়ে। খবর সিএনবিসি।

ফেডএক্সের প্রত্যাশা, ২০২২-২৩ অর্থবছরে প্রতি শেয়ার থেকে ১৪ দশমিক ৬০ ডলার থেকে ১৫ দশমিক ২০ ডলার আয় হবে। আগের পূর্বাভাস অনুযায়ী প্রতিষ্ঠানটির প্রত্যাশা ছিল শেয়ারপ্রতি ১৩-১৪ ডলার।

২০২২-২৩ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে ফেডএক্সের শেয়ারপ্রতি আয় হয়েছে ৩ দশমিক ৪১ ডলার, যা তাদের প্রত্যাশিত ২ দশমিক ৭৩ ডলারের চেয়ে বেশি। তবে মোট আয় প্রতিষ্ঠানটির প্রত্যাশার তুলনায় কিছুটা কম হয়েছে। ২ হাজার ২৭৪ কোটি ডলার প্রত্যাশার বিপরীতে তাদের আয় হয়েছে ২ হাজার ২১৭ কোটি ডলার। একই সময়ে তাদের মোট মুনাফাও কমেছে। চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে তাদের মুনাফা ৭৭ কোটি ডলার। ২০২১-২২ অর্থবছরের একই সময়ে তাদের মুনাফা হয়েছিল ১১১ কোটি ডলার। অন্যদিকে চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ারের মূল্য প্রত্যাশার তুলনায় বাড়লেও গত অর্থবছরের একই সময়ের তুলনায় তা উল্লেখযোগ্য হারে কমেছে। তখন প্রতি শেয়ারের মূল্য ছিল ৪ দশমিক ৫৯ ডলার। 

২০২৪-২৫ অর্থবছরের মধ্যে ৪০০ কোটি ডলারের বেশি ব্যয় সংকোচন করবে বলে বৃহস্পতিবার পুনরায় জানিয়েছে ফেডএক্স। এ প্রতিষ্ঠানের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মাইক লেনজ বলেন, ‘সবদিক দিয়েই আমরা ব্যয় সমন্বয় করছি। প্রতিটি ডলারকেই যাচাই করা হচ্ছে।’ ফেডএক্সের প্রধান নির্বাহী রাজ সুব্রামানিয়াম বলেন, ‘দক্ষতা বাড়ানোর দিকে আমরা জোর দিচ্ছি। আমাদের ব্যয় সংকোচন নীতি জারি আছে। চলতি অর্থবছরে এটি আমাদের অবস্থার উন্নতি ঘটাবে।’