আবারো পেট্রল, ডিজেল ও এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম বেড়েছে ভারতে। মাত্র তিন মাসের ব্যবধানে জ্বালানি পণ্যের দাম বাড়লো দেশটিতে, যা আজ মঙ্গলবার থেকে কার্যকর হবে।

দ্য ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, তেল, গ্যাস ও জ্বালানি বিষয়ক সংস্থা পেট্রল ডিলার্স অ্যাসোসিয়েশন জ্বালানি তেল ও গ্যাসের দাম বৃদ্ধির ব্যাপারে জানিয়েছে। নতুন করে পেট্রলের দাম ধরা হয়েছে ১০৫ রুপি ৫১ পয়সা। এ দাম আগের চেয়ে ৮৪ পয়সা বেশি। ডিজেলের দাম ৮৩ পয়সা বাড়িয়ে ৯০ রুপি ৬২ পয়সা এবং সিলিন্ডার প্রতি গ্যাসের দাম ৫০ রুপি বেড়ে ৯৭৬ রুপি হয়েছে।

গত রোববার শিল্পক্ষেত্রে ডিজেলের দাম লিটারে ২৫ রুপি বাড়ানো হয়েছিল। তবে পেট্রল পাম্পে ডিজেলের দাম অপরিবর্তিত ছিল। রাজধানী নয়াদিল্লির পেট্রোল পাম্প ও শিল্পক্ষেত্রে ভিন্ন ভিন্ন মূল্যে বিক্রি হয়েছে। দামের তারতম্য ছিল বিভিন্ন রাজ্যেও।

প্রসঙ্গত, বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম বাড়লেও গত বছরের নভেম্বরের পর ভারত সরকার পেট্রল ও ডিজেলের দাম অপরিবর্তিত রেখেছিল। এ বছর ইউক্রেনে রুশ হামলা শুরু হলে বিশ্ববাজারে জ্বালানির তেলের দাম বাড়তে শুরু করে। এর পেছনে কারণ ছিল রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা। এতে বিপদে পড়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম জ্বালানি তেল আমদানিকারক ভারত।

বিশেষেজ্ঞরা ধারণা করেছিলেন, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের পরই জ্বালানির দাম বাড়াবে কেন্দ্রীয় সরকার। শেষ পর্যন্ত সেটিই বাস্তবায়িত হলো।