চলতি বছরের প্রথম ১০ মাসে রাশিয়ার কৃষিপণ্য বাণিজ্যে উল্লম্ফন দেখা দিয়েছে। এ সময় দেশটি ২ হাজার ৬০০ কোটি ডলারের কৃষিপণ্য বিশ্বের বিভিন্ন দেশে সরবরাহ করতে সক্ষম হয়। রুশ কৃষি মন্ত্রণালয়ের এগ্রোএক্সপোর্ট ডিভিশন এ তথ্য জানিয়েছে। খবর আরটি।
এগ্রোএক্সপোর্টের তথ্যমতে, গত বছরের একই সময়ের তুলনায় কৃষিপণ্য রফতানি ১৯ দশমিক ৫ শতাংশ বেড়েছে। এর মধ্যে ৮০০ কোটি ডলারের খাদ্যশস্য রফতানি করা হয়, যা আগের বছরের প্রথম ১০ মাসের তুলনায় ১১ দশমিক ৬ শতাংশ বেশি। ৫১০ কোটি ডলারের মাছ ও সি ফুড বিক্রি করা হয়। বিক্রি বেড়েছে ২১ দশমিক ১ শতাংশ। ৫৩৫ কোটি ডলারের ফ্যাট ও ভোজ্যতেলজাত পণ্য রফতানি করা হয়, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪৭ দশমিক ৫ শতাংশ বেশি। এদিকে খাদ্য প্রক্রিয়াকরণ ইন্ডাস্ট্রি ৩৫০ কোটি ডলারের পণ্য রফতানি করে। এসব পণ্য রফতানি বেড়েছে ৮ দশমিক ৯ শতাংশ। মাংস ও দুগ্ধপণ্য রফতানি করা হয় ১০০ কোটি ডলারের। রফতানি বেড়েছে ২৯ দশমিক ৯ শতাংশ।
জানুয়ারি-অক্টোবর পর্যন্ত রুশ কৃষিপণ্যের প্রধান রফতানি গন্তব্য ছিল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও তুরস্ক।










