সিউলের একটি রাজপ্রাসাদে চলতি মাসে ‘ফ্যাশন শো’ আয়োজন করতে যাচ্ছে গুচি। ইতালীয় বিলাসবহুল ব্র্যান্ডটি সম্প্রতি এ ঘোষণা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, ১৬ মে অনুষ্ঠেয় সিউলের কেন্দ্রে অবস্থিত গিয়ংবক প্রাসাদের প্রধান হল গিয়নজিয়ংজিয়ংয়ের সামনে গুচির ২০২৪ ক্রুজ কালেকশন প্রদর্শন করার পরিকল্পনা রয়েছে। স্থানীয় সংবাদ সংস্থা ইয়োনহাপ এজেন্সির বরাতে জানা গেছে, জোসেন রাজবংশের সময় (১৩৯২-১৯১০) রাজকীয় বড় অনুষ্ঠানের আয়োজন এবং বিদেশী দূতদের থাকার জন্য গিয়নজিয়ংজিয়ং ব্যবহার করা হতো। গুচির সিইও মার্কো বিজারি এক বিবৃতিতে বলেন, ‘গিয়ংবক প্রাসাদে ফ্যাশন শো আয়োজনের সিদ্ধান্ত নেয়ার কারণ হলো প্রাসাদটি অতীতকে স্মরণ করে এবং ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা দেয়।’ ‘ফ্যাশন শো’ অনুষ্ঠানটি মূলত গত ১ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সিউলের ইটাওনের কাছে হ্যালোইন উদযাপনের সময় ১৫৯ জন লোকের মৃত্যুর পর ওই আয়োজনটি বাতিল করা হয়েছিল। বিশ্বব্যাপী ফ্যাশন হাউজটি রাজপ্রাসাদ সংরক্ষণে সহায়তার জন্য সিউলের কালচারাল হেরিটেজ কর্তৃপক্ষকে তিন বছরের জন্য স্পন্সর করার পরিকল্পনা করেছে। এ বিষয়ে কালচারাল হেরিটেজ অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের প্রধান চই ইউয়ান-চন বলেন, ‘আমি আশা করি গুচির সঙ্গে এ সহযোগিতা চুক্তি বিশ্বজুড়ে মানুষকে গিয়ংবক প্রাসাদের মূল সৌন্দর্য দেখার সুযোগ তৈরি করবে। যেখানে অতীত ও বর্তমানের সহাবস্থান রয়েছে।’ ইয়োনহাপ এজেন্সি
সিউলের রাজপ্রাসাদে ফ্যাশন শো করবে গুচি
সিউলের একটি রাজপ্রাসাদে চলতি মাসে ‘ফ্যাশন শো’ আয়োজন করতে যাচ্ছে গুচি। ইতালীয় বিলাসবহুল ব্র্যান্ডটি সম্প্রতি এ ঘোষণা দিয়েছে।










