আসছে শীত মৌসুমে প্রাকৃতিক গ্যাসের দাম দ্রুতগতিতে বাড়তে পারে। কিছু উৎপাদকের নিষ্ক্রিয় থাকার ফলে সৃষ্ট সরবরাহ ঘাটতি এ মূল্যবৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে মরগান স্ট্যানলির এক বিশ্লেষক পূর্বাভাস দিয়েছেন। খবর ব্যারনস।
গত শুক্রবার এক নোটে মরগান স্ট্যানলির বিশ্লেষক মার্ক কার্লুচি বলেন, সৃষ্ট পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের বৃহত্তর প্রাকৃতিক গ্যাস উৎপাদকের ব্যবসায় সুযোগ বাড়বে। একই সময় যুক্তরাষ্ট্রের আরেক উৎপাদক ‘সাউথওয়েস্টার্ন এনার্জি’র (এসডব্লিউএন) জন্য ব্যবসায় সুযোগ সৃষ্টি হবে।
মার্ক কার্লুচির ভাষ্যে, টানা কয়েক বছর ধরে প্রাকৃতিক গ্যাসের দামে হতাশার চিত্র স্পষ্ট ছিল। এর প্রধান কারণ ছিল উৎপাদন আধিক্য। প্রাকৃতিক গ্যাস তেল উৎপাদনের একটি উপজাত পণ্য। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে তেল উত্তোলন বেড়ে যাওয়ায় প্রাকৃতিক গ্যাসের সরবরাহ বেড়ে যায়, যা দামের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলে।










