আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত চিনির দাম বেড়ে ১২ বছরের সর্বোচ্চে পৌঁছেছে। এল নিনোর কারণে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কায় মূল্যবৃদ্ধির এ ঘটনা ঘটেছে। বিশ্লেষকরা জানান, ২০২৩-২৪ মৌসুমে চিনির বৈশ্বিক সরবরাহ ঘাটতি দেখা দিতে পারে। খবর নাসডাক।
আইসিইতে শুক্রবার অক্টোবর সরবরাহ চুক্তিতে প্রতি পাউন্ড চিনির দাম আগের দিনের তুলনায় দশমিক ৩ শতাংশ বেড়ে ২৬ দশমিক ৯১ সেন্টে স্থির হয়েছে। কার্যদিবসের শুরুতে দাম ২৭ দশমিক ৫৯ সেন্টে পৌঁছেছিল। চলতি সপ্তাহে এ চুক্তির দাম বেড়েছে ২ দশমিক ৩ শতাংশ। অন্যদিকে অক্টোবর সরবরাহ চুক্তিতে সাদা চিনির দাম ১ দশমিক ২ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৭৪৮ ডলার ৩০ সেন্টে।
আগামী ২০২৩-২৪ বিপণন মৌসুমে বিশ্ববাজারে ২১ লাখ ২০ হাজার টন চিনির ঘাটতির পূর্বাভাস দিয়েছে ইন্টারন্যাশনাল সুগার অর্গানাইজেশন (আইএসও)। আগামী অক্টোবরে এ মৌসুম শুরু হয়ে শেষ হবে আগামী বছরের সেপ্টেম্বরে।










