ভুট্টা আমদানিকারকদের বৈশ্বিক শীর্ষ তালিকায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর সম্মিলিত অবস্থান শীর্ষে। গত বছর এসব দেশে কৃষিপণ্যটির আমদানিতে মন্দা ভাব বজায় ছিল। তবে চলতি বছর ভুট্টা আমদানি আগের বছরের তুলনায় প্রায় ৭ শতাংশ বাড়াতে পারে ইইউ। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের সাম্প্রতিক প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়েছে। খবর এগ্রিমানি ও বিজনেস রেকর্ডার।

ইউএসডিএর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে ইইউভুক্ত দেশগুলোয় সব মিলিয়ে ২ কোটি ৩০ লাখ টন ভুট্টা আমদানি হতে পারে। এক বছরের ব্যবধানে এসব দেশে কৃষিপণ্যটির আমদানি বাড়তে পারে ৬ দশমিক ৯৮ শতাংশ। গত বছর ইইউভুক্ত দেশগুলো সম্মিলিতভাবে ২ কোটি ১৫ লাখ টন ভুট্টা আমদানি করেছিল, যা আগের বছরের তুলনায় ১৪ দশমিক ৭১ শতাংশ কম। সে হিসাবে এক বছরের ব্যবধানে ইইউভুক্ত দেশগুলোয় কৃষিপণ্যটির আমদানি বাড়তে পারে ১৫ লাখ টন।

এর মধ্য দিয়ে ইইউর ইতিহাসে চলতি বছর সবচেয়ে বেশি ভুট্টা আমদানির রেকর্ড হতে পারে বলে প্রতিবেদনে জানিয়েছে ইউএসডিএ। এর আগে ২০১৮ সালে ইইউর ইতিহাসে সবচেয়ে বেশি ২ কোটি ৫২ লাখ ৯ হাজার টন ভুট্টা আমদানি হয়েছিল, যা আগের বছরের তুলনায় ৩৬ দশমিক ৫২ শতাংশ বেশি।