বৈশ্বিক অর্থনীতিতে চোখ রাঙাচ্ছে মূল্যস্ফীতি। অনেক প্রতিষ্ঠান কর্মী ছাঁটাই করছে, কার্যক্রম গুটিয়ে নিচ্ছে। তবে এর মধ্যেও ইতিবাচক ধারা ধরে রেখেছে জাপানের বিভিন্ন কোম্পানি। ২০২৩ অর্থবছরের জন্য ৬২ দশমিক ১ শতাংশ কোম্পানি কর্মীদের মূল বেতন বাড়ানোর উদ্যোগ গ্রহণ করেছে। খবর কিয়োদো এজেন্সি।

চলতি অর্থবছরে এ বৃদ্ধির হার আগের বছরের তুলনায় ৩৮ দশমিক ৭ শতাংশ বেশি। মূলত জাপানের কোম্পানিগুলো দক্ষ ও মেধাবী কর্মীদের ধরে রাখার জন্য ও ক্রমবর্ধমান মূল্যস্ফীতির সঙ্গে খাপ খাইয়ে নিতে এ উদ্যোগ নিয়েছে। দেশটির অর্থ মন্ত্রণালয়ের এক জরিপ সূত্রে এসব তথ্য জানা গেছে।

উৎপাদনের সঙ্গে সম্পর্কিত নয়, এমন খাতগুলোয় এর প্রভাব বেশি দেখা যাচ্ছে। যেখানে ৫৬ শতাংশ কোম্পানি কর্মীদের বেতন বাড়িয়েছে বা বাড়াবে বলে জানিয়েছে। জরিপের তথ্যানুযায়ী, আগের অর্থবছরে এর হার ছিল ২৮ দশমিক ৮ শতাংশ। অন্যদিকে উৎপাদন খাতে এর হার ৫২ থেকে ৬৯ দশমিক ৮ শতাংশে উন্নীত হয়েছে। ৩৭ দশমিক ৩ শতাংশের বেশি প্রতিষ্ঠান ৩ শতাংশ বা তার বেশি বেতন বাড়িয়েছে। যেখানে গত বছর এর পরিমাণ ছিল ১৩ দশমিক ৭ শতাংশ।

মূল বেতন ও বোনাস বাড়ানোর কারণ সম্পর্কে জানতে চাইলে ৮০ দশমিক ৪ শতাংশ প্রতিষ্ঠান জানায়, কর্মীদের অনুপ্রাণিত করতে, শ্রমের অবস্থা উন্নয়নে ও অযাচিত অব্যাহতি গ্রহণ বন্ধে এ উদ্যোগ নেয়া হয়েছে। ৬৪ শতাংশ প্রতিষ্ঠান জানায়, দ্রব্যমূল্যের দামের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার জন্য তারা বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

পশ্চিম জাপানের মাঝারি আকারের একটি খুচরা বিক্রি প্রতিষ্ঠান জানায়, বর্তমানে অনেক কম কর্মীই সেলস ও কাস্টমার সার্ভিস বিভাগে কাজ করছে। শ্রমের বিপরীতে সুযোগ সুবিধা বাড়াতে না পারলে দক্ষ কর্মী পাওয়া সম্ভব নয়। জরিপে ১ হাজার ২০০-এর বেশি কোম্পানিকে তালিকাবদ্ধ করা হয়েছে। যার মধ্যে ৫০০টি বড় এবং ৭০০টি ছোট ও মাঝারি কোম্পানি। মার্চের মাঝামাঝি থেকে এপ্রিলের মাঝামাঝি সময় পর্যন্ত তথ্য সংগ্রহ করা হয়।

২০২৩ অর্থবছরে মূল বেতন বাড়ানোর তালিকায় এক হাজারের কাছাকাছি প্রতিষ্ঠান রয়েছে বলে জরিপে উঠে এসেছে। খাদ্যদ্রব্য থেকে শুরু করে জ্বালানির দাম ক্রমাগত বাড়তে থাকায় নাগরিকদের সহায়তা প্রদানে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর প্রতি বেতন বাড়ানোর আহ্বান জানান জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। এর পরই কোম্পানিগুলো মূল বেতন বাড়ানোর এ উদ্যোগ গ্রহণ করল।

১৯৯০ সালে জাপানে গড় বেতন ছিল ৩৯ হাজার ৭১১ ডলার। ২০২১ সালে তা ৬ শতাংশ বাড়ে। যেখানে ১৯৯০-২০২১ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে বেতন বৃদ্ধির হার ছিল ৫০ শতাংশ।