ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ বছরেরও বেশি ব্যাংকিং ক্যারিয়ারে ইমতিয়াজ উদ্দিন রিটেইল ব্যাংকিং, এসএমই ও এগ্রিকালচার ব্যাংকিং, করপোরেট ব্যাংকিং, ট্রানজেকশন ব্যাংকিং ও ব্রাঞ্চ ব্যাংকিংয়ে দক্ষ নেতৃত্বের স্বাক্ষর রেখেছেন। কৌশলগত ব্যবসায়িক নেতৃত্ব, ব্যালান্স শিট শক্তিশালীকরণ, টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি, গ্রাহক সম্পর্ক উন্নয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা, পরিচালন দক্ষতা বৃদ্ধি ও সাংগঠনিক রূপান্তরে তার উল্লেখযোগ্য সাফল্য রয়েছে।

কমিউনিটি ব্যাংকে যোগ দেয়ার আগে ইমতিয়াজ উদ্দিন পদ্মা ব্যাংক পিএলসিতে উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের ৩ মার্চ তিনি ব্যাংকটিতে যোগ দেন। দায়িত্ব পালনকালে তিনি পদ্মা ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম পুনরুজ্জীবিতকরণ, গ্রাহক সম্পর্ক সুদৃঢ়করণ, ব্যবসায়িক উৎপাদনশীলতা বৃদ্ধি ও টেকসই প্রবৃদ্ধিমুখী কৌশলগত উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

পরবর্তী সময়ে ইমতিয়াজ উদ্দিন ব্যাংকটির চিফ রিকভারি অফিসার ও চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন। এ সময় তিনি ঋণ পুনরুদ্ধার কার্যক্রম, রেগুলেটরি-সংক্রান্ত নির্দেশনা প্রতিপালন এবং সুশাসন নিশ্চিতকরণে কার্যকর নেতৃত্ব দেন।

এরও আগে ইমতিয়াজ উদ্দিন প্রিমিয়ার ব্যাংক পিএলসির রিটেইল ব্যাংকিং, এসএমই ও এগ্রিকালচার ব্যাংকিং এবং করপোরেট ব্যাংকিং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ, এইচএসবিসি বাংলাদেশ, ইস্টার্ন ব্যাংক ও ঢাকা ব্যাংক পিএলসিসহ দেশের শীর্ষ ব্যাংকগুলোয় নেতৃত্বমূলক ও ব্যবস্থাপনাগত পদে কাজ করেন। এসব প্রতিষ্ঠানে তিনি ব্যবসায় উন্নয়ন, গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনা, ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা, রিটেইল ও করপোরেট ব্যাংকিং, এসএমই ও এগ্রিকালচার ব্যাংকিং এবং শাখা পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

ইমতিয়াজ উদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে বিএসএস (অনার্স) ও এমএসএস সম্পন্ন করেন। পরবর্তী সময়ে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে মার্কেটিংয়ে এমবিএ ডিগ্রি লাভ করেন।