দ্বিতীয় প্রান্তিকে মার্কিন আর্থিক প্রতিষ্ঠান জেপি মরগানের মুনাফা ৬৭ শতাংশ বেড়েছে। বেশি পরিমাণে ঋণ বিতরণ, উচ্চ সুদহারের সুবিধা কাজে লাগানোসহ ফার্স্ট রিপাবলিক ব্যাংকের সাম্প্রতিক অধিগ্রহণ থেকে এ লাভ করেছে বৃহত্তম মার্কিন ব্যাংকটি। খবর এপি।
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ৩০ জুন পর্যন্ত তিন মাসে ব্যাংকটি ১ হাজার ৪৫০ কোটি ডলার আয় করেছে, যা গত বছরের একই সময়ে ছিল ৮৬৫ কোটি ডলার। ফ্যাক্টসেটের বিশ্লেষকদের সমীক্ষা অনুসারে, প্রতি শেয়ারে ব্যাংকটি ৪ ডলার ৭৫ সেন্ট আয় করেছে, যা সহজেই ওয়াল স্ট্রিটের ৩ ডলার ৯৭ সেন্ট পূর্বাভাসের চেয়েও বেশি। গত বছরের ৩ হাজার ১৬০ কোটি ডলারের রাজস্ব চলতি বছর বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ২৪০ কোটি ডলারে।
জেপি মরগান বলেছে, ফার্স্ট রিপাবলিক থেকে দ্বিতীয় প্রান্তিকে প্রায় ২৭০ কোটি ডলার আয় এসেছে, যার মধ্যে নিট আয় হয়েছে ২৪০ কোটি ডলার। ব্যাংকটি ফার্স্ট রিপাবলিকের পোর্টফোলিওতে ‘খারাপ ঋণ’ কভার দেয়ার জন্য ১২০ কোটি ডলার পৃথক বরাদ্দ রেখেছে।










